বাদ্যযন্ত্র সরানোকে কেন্দ্রে করে বিতণ্ডায় জড়ালেন বাংলার দুই প্রখ্যাত গায়িকা জোজো ও পৌষালী বন্দ্যোপাধ্যায়। ভিডিও পোস্ট করে একে অপরের বিরুদ্ধে কথা বলেছেন তাঁরা। দুই শিল্পীর এমন নজিরবিহীন সংঘাত ঘিরে উত্তপ্ত সোশ্যাল মিডিয়াও।
বাদ্যযন্ত্র সরানোকে কেন্দ্রে করে বিতণ্ডায় জড়ালেন বাংলার দুই প্রখ্যাত গায়িকা জোজো ও পৌষালী বন্দ্যোপাধ্যায়। ভিডিও পোস্ট করে একে অপরের বিরুদ্ধে কথা বলেছেন তাঁরা। দুই শিল্পীর এমন নজিরবিহীন সংঘাত ঘিরে উত্তপ্ত সোশ্যাল মিডিয়াও।
ঘটনার সূত্রপাত শনিবার। এদিন টালিগঞ্জের বিজয়গড়ে একটি অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল তাঁদের। প্রথমে পৌষালীর, পরে জোজোর। ঝামেলার সূত্রপাত বাদ্যযন্ত্র নিয়ে। জোজোর টিমের একটি বাদ্যযন্ত্র নাকি মঞ্চে ছিল। পৌষালীর দাবি, সেই যন্ত্র সরানোর কথা বলা হয় জোজোর টিমের সদস্যদের। তাঁরা সহযোগিতা না করে রূঢ় ব্যবহার করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন রাতে সমাজমাধ্যমে লাইভে জোজো বলেন, ‘পৌষালী ও তাঁর টিমের সদস্যরা আমাদের অনুমতি ছাড়াই বাদ্যযন্ত্র সরিয়ে দেন। আমাদের না জানিয়ে এমনটা করা একপ্রকার অসভ্যতা। ওদের উচিত ছিল আমাদের বলা।’ রবিবার সকালে সমাজমাধ্যমে জবাব দিয়েছেন পৌষালী। জোজোকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তুমি পুরো সত্যিটা না জেনেই আমার উপর রেগে গিয়েছ। আমরা মঞ্চের উপর ঠিকমতো দাঁড়াতে পারছিলাম না বলে বাধ্য হয়ে বাদ্যযন্ত্রটি সরাই।’ একই ইন্ডাস্ট্রির দুই সহশিল্পী এই ধরনের সমস্যা ফোনেই মিটিয়ে নিতে পারতেন। তা সত্ত্বেও তাঁরা কেন বিষয়টি সমাজমাধ্যমে তুলে ধরলেন? এই প্রশ্ন করা হলে জোজো বলেন, ‘এরকম ঘটনা বহু শিল্পীর সঙ্গে ঘটে, তাঁরা বলতে পারেন না। এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, সে কারণে পাবলিক ফোরামে কথাটা বলেছি।’ পৌষালী বলেন, ‘একজন সিনিয়র হিসেবে উনি যদি পাবলিক ফোরামে বলতে পারেন, তাহলে জুনিয়র হিসেবে আমারও পাবলিক ফোরামে বলা উচিত বলেই মনে করেছি।’