Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জানুয়ারিতেই ফের ‘সিউড়ি উৎসব’ উন্মাদনায় ভাসছে শহরবাসী

জানুয়ারিতেই ফের ‘সিউড়ি উৎসব’ উন্মাদনায় ভাসছে শহরবাসী
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সাঁইথিয়া: ফের হতে চলেছে ‘সিউড়ি উৎসব’। এই নিয়ে দ্বিতীয়বার। শহরজুড়ে চড়ছে উন্মাদনার পারদ। ২০২৩ সালের ডিসেম্বরে সাতদিন ধরে হয়েছিল সিউড়ি উৎসব। শহরবাসীর উন্মাদনাকে মাথায় রেখে সিউড়ি পুরসভার উদ্যোগে আগামী বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাস নাগাদ ফের হতে চলেছে ‘সিউড়ি উৎসব’। গত বছর সিউড়ি শহরের রাস্তাঘাট আলোয় সেজে উঠেছিল। ইরিগেশন কলোনির মাঠে আয়োজন করা হয়েছিল মেলার। মঞ্চ মাতিয়েছিলেন খ্যাতনামা শিল্পীরা। প্রসঙ্গত, সিউড়ি প্রাচীন শহরগুলির মধ্যে অন্যতম হলেও এখানে বিনোদনের ব্যবস্থা নেই। ফলে শান্তিনিকেতনের পৌষমেলার দিকেই তাকিয়ে থাকেন শহরবাসী। গত বছর থেকে শহরের নিজস্ব এক উৎসব পাওয়ায় শহরবাসীর আনন্দের সীমা ছিল না। পুরসভার সূত্রে জানা গিয়েছে, আগামী জানুয়ারি মাসে ‹সিউড়ি উৎসব› হতে চলেছে। তবে এবার চারদিন হবে সেই উৎসব। শহরকে আলোয় সাজানো হবে। আগেরবারের মতোই বহু খ্যাতনামা শিল্পী অনুষ্ঠানে থাকবেন। এছাড়াও থাকছে বিশেষ কিছু আকর্ষণ। আলোকসজ্জায় অভিনবত্ব আনার পরিকল্পনা নেওয়া হচ্ছে। ২০২৫ সালে সিউড়ি শহরের দেড়শ বছর পূর্তি হচ্ছে। তা মাথায় রেখেই বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। এবছর উৎসব দেরিতে শুরু হলেও আনন্দে কোনও খামতি থাকবে না বলেই আশাবাদী শহরবাসী। সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, সামনেই যেহেতু সিউড়ির দেড়শ বছর পূর্তি, সেজন্য চলতি বছরে না করে এই অনুষ্ঠান আগামী বছর করা হচ্ছে। তবে মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে অনুষ্ঠান এবার চারদিনে সীমাবদ্ধ রাখা হচ্ছে। আগামী জানুয়ারি মাসের ৯ থেকে ১২ পর্যন্ত একটা সম্ভাব্য তারিখ আমরা ঠিক করেছি। শহরকে আবার আলোয় সাজানো হবে। খ্যাতনামা শিল্পীদের নিয়ে অনুষ্ঠান হবে। বেশ কিছু শিল্পীর সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে। গতবার এই অনুষ্ঠান পরিচালনার জন্য প্রশাসনের তরফে যথেষ্ট সহযোগিতা পেয়েছি। এবারও আশা করছি তা পাব।
Advertisement
সম্পর্কিত সংবাদ