Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জানুয়ারিতে পিপিএস ইস্যুতে ত্রিপাক্ষিক বৈঠক কেন্দ্রের, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর দাবি বিস্তার

জানুয়ারিতে পিপিএস ইস্যুতে ত্রিপাক্ষিক বৈঠক কেন্দ্রের, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর দাবি বিস্তার
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ফের সামনে আসছে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান (পিপিএস) ইস্যু। নতুন বছরের শুরুতেই সংশ্লিষ্ট ইস্যু নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক তলব করবে কেন্দ্র। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর এমন দাবি করেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। সেই বৈঠকে অনীত থাপার দল বিজিপিএম কিংবা জিটিএ’কে ডাকা হবে কি না তা তিনি স্পষ্ট করে জানাতে পারেননি। বরং তিনি বিজিপিএমের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। এনিয়ে ক্ষুব্ধ বিজিপিএম নেতৃত্ব। তাঁদের বক্তব্য, সাংসদ আবলতাবল বকছেন। উভয়পক্ষের এমন বক্তব্য ঘিরে স্থানীয় রাজনীতিতে শোরগোল পড়েছে। এসএসবি’র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিলিগুড়িতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন সকালে হোটেলে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন দার্জিলিংয়ের সাংসদ। পরে দার্জিলিংয়ের বিধায়ক নীরজ জিম্বাকে পাশে নিয়ে বিজেপি সাংসদ বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হোটেলে ডেকেছিলেন। পিপিএস ইস্যু নিয়ে তাঁর সঙ্গে কথা হয়েছে। আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে সংশ্লিষ্ট ইস্যু নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক ডাকবে কেন্দ্রীয় সরকার। এটা আমাদের কাছে সুখবর। 
Advertisement
বৈঠকে অনীত থাপার দল বিজিপিএমকে ডাকা হবে কি না প্রশ্নের উত্তরে সাংসদ বলেন, বিজিপিএম রেজিস্টার রাজনৈতিক দল নয়। তা হলে তাদেরকে ওই বৈঠকে ডাকবে কেন? কাজেই বৈঠকে তাদেরকে ডাকার কোনও প্রশ্নই নেই। জিটিএ’কে ত্রিপাক্ষিক বৈঠকে ডাকা হবে কি না সেই প্রশ্নেও বিস্তা স্পষ্ট করে কিছু বলতে চাননি। 
এদিকে, বিজেপি সাংসদের এমন বক্তব্য ঘিরে ক্ষিপ্ত বিজিপিএমের মুখপাত্র শক্তিপ্রসাদ শর্মা। তিনি বলেন, পিপিএস নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হলে, তা কেন্দ্র, রাজ্য ও স্থানীয় সরকারের মধ্যেই হবে। স্থানীয় সরকার বলতে জিটিএ। যার দায়িত্বে রয়েছে বিজিপিএম। কাজেই সাংসদ সবটা না জেনে আবলতাবল বকছেন। তাঁর বক্তব্য গুরুত্বহীন। পাহাড়ে উন্নয়নমূলক কাজে জোয়ার আসায় সাংসদ ফের পিপিএস নিয়ে ফের ভাঁওতাবাজি রাজনীতি শুরু করেছেন। 
দার্জিলিং পাহাড়ে রাজনীতিতে বিজেপির অন্যতম ইস্যু পিপিএস। বিগত কয়েকটি নির্বাচনে এই ইস্যুতে সাফল্য পেয়েছে গেরুয়া শিবির। বিভিন্ন সময় তারা এ ব্যাপারে ত্রিপাক্ষিক বৈঠকের আশ্বাস দিলেও তা হয়নি। গত লোকসভা ভোটের ময়দানেও সেই সমস্যা মেটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি সাংসদ। এখন আবার সাংসদ সেই ইস্যু নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের কথা চাউর করায় পাহাড়ের রাজনীতিতে চর্চা শুরু হয়েছে।  
সম্পর্কিত সংবাদ