সংবাদদাতা, কাঁথি: শনিবার রাতে কাঁথির জুনপুট কোস্টাল থানার ফরিদপুর এলাকায় কাঁথি-জুনপুট সড়কে অটো দুর্ঘটনায় এক প্রৌঢ়ের মৃত্যু হয়। এই ঘটনায় অটোর চালক ও একাধিক যাত্রী জখম হন। পুলিস জানিয়েছে, মৃতের নাম রঞ্জিত বেরা(৫৭)। তাঁর বাড়ি সংশ্লিষ্ট থানার সুবদি এলাকায়। তিনি বাম আমলে কাঁথি-১ পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ ছিলেন। এছাড়া বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের কর্মী ছিলেন। দুর্ঘটনায় জখমরা কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওইদিন সন্ধ্যা ছ’টা নাগাদ একটি অটো একাধিক যাত্রী নিয়ে জুনপুটের দিকে যাচ্ছিল। আচমকা ফরিদপুর বাসস্টপের কাছে রাস্তায় এক পথচারী মদ্যপ ব্যক্তিকে বাঁচাতে গিয়ে অত্যন্ত দ্রুতগতিতে থাকা অটোটি নিয়ন্ত্রণ হারায়। অটোটি রাস্তার পাশে উল্টে যায়। এই ঘটনায় এক অটোযাত্রী এবং চালক জখম হন। জখম হন ওই পথচারীও। ঘটনার পর স্থানীয় মানুষজন দ্রুত উদ্ধারকার্যে হাত লাগান। ঘটনাস্থলে চলে আসে পুলিসও। তবে অটোয় থাকা আরএক যাত্রী দুর্ঘটনার জেরে ছিটকে পাশের নয়ানজুলিতে গিয়ে পড়েন। তবে তিনি যে নয়ানজুলিতে পড়ে রয়েছেন, সেটা রাতের অন্ধকারে স্থানীয়রা কেউ দেখতে পাননি। পুলিস অটোটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তারও বেশ কিছু সময় পরে স্থানীয় মানুষজন নয়ানজুলিতে ওই ব্যক্তির পা জোড়া দেখতে পান। বাকি অংশ অন্ধকারে ঝোপের মধ্যে আড়াল অবস্থায় ছিল। তাঁর পাশে মোবাইল ফোন পড়েছিল। তাঁরা দ্রুত পুলিসকে খবর দেন। এরপর ওই প্রৌঢ়কে যখন নয়ানজুলি থেকে উদ্ধার করা হয়, ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে। তিনি কোনও কাজে জুনপুটের দিকে যাচ্ছিলেন বলে পুলিস জানতে পেরেছে। পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিস প্রাথমিকভাবে অনুমান করছে, মদ্যপ পথচারীকে বাঁচাতে গিয়েই কোনওভাবে দ্রুতগামী ওই অটোটি নিয়ন্ত্রণ হারায়।



