Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জুনপুটে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের সীমানা নিয়ে ফের বাধা ডিআরডিওকে  

জুনপুটে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের সীমানা নিয়ে ফের বাধা ডিআরডিওকে
 
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: কাঁথির উপকূলবর্তী জুনপুটে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র গড়ার জন্য সীমানা চিহ্নিত করার কাজে ফের বাধা পেল প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ডিআরডিও। মৎস্যজীবীদের আপত্তিতে এদিন সীমানা নির্ধারণের জন্য খুঁটি পোঁতার কাজ আটকে গেল। গতবছর সীমানা নির্ধারণ শুরু হতেই স্থানীয় মৎস্যজীবীরা অভিযোগ তুলেছিলেন, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র গড়ে উঠলে তাঁদের জীবিকায় বাধা পড়বে। তাঁদের আপত্তিতে সীমানা নির্ধারণ বন্ধ হয়ে গিয়েছিল। সম্প্রতি ডিআরডিও ফের তৎপরতা শুরু করায় মৎস্যজীবীরা চিন্তিত। বৃহস্পতিবার ডিআরডিও’র কয়েকজন আধিকারিকের উপস্থিতিতে ভূমি ও ভূমিসংস্কার দপ্তরের প্রতিনিধিরা জমি অধিগ্রহণের জন্য মাপজোক করেন। সেখানে জুনপুট কোস্টাল থানার পুলিস ও বনদপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। পরে বিডিও অমিতাভ বিশ্বাস সেখানে পৌঁছন। সীমানা নির্ধারণের জন্য খুঁটি পুঁততে চেয়েছিলেন ডিআরডিও’র আধিকারিকরা। সেজন্য গাড়িতে করে খুঁটি নিয়ে আসা হয়েছিল। কিন্তু গ্রামবাসীরা জানিয়ে দেন, মাছ শুকানোর জায়গা অধিগ্রহণ করতে দেবেন না। আগে তাঁদের সঙ্গে আলোচনায় বসা হোক। সেইমতো সিদ্ধান্ত হয়েছে, খুব তাড়াতাড়ি পুলিসের মধ্যস্থতায় ডিআরডিও, প্রশাসন, ভূমি ও ভূমিসংস্কার দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক হবে।
Advertisement
গতবছর ডিআরডিও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র গড়ার কাজ শুরু করেছে। এজন্য লঞ্চিং প্যাড তৈরি করেছে। উৎক্ষেপণ কেন্দ্র তৈরির জন্য রাজ্য সরকারের থেকে ৮.৭৩ একর জায়গা পেয়েছে ডিআরডিও। লঞ্চিং প্যাডের চারদিকে মাপজোক করা হয়েছে। কিছুদিন আগে ডিআরডিও’র তরফে লঞ্চিং প্যাড লাগোয়া ভেড়ির বাঁধ পর্যন্ত অংশে মাপজোক হয়েছিল। তবে বৃহস্পতিবার আরও বেশি এলাকাজুড়ে মাপজোক হয়। নকশা অনুযায়ী, মৎস্যখটির একটি বড় অংশ ডিআরডিও’র জায়গায় পড়ে যাচ্ছে। ওই জায়গায় মৎস্যজীবীরা মাছ শুকানোর কাজ করেন। এদিন মাপজোক শেষে সীমানা নির্ধারণের তৎপরতা শুরু হলে বেশ কয়েকজন মৎস্যজীবী তথা গ্রামবাসী জড়ো হন। তাঁরা ডিআরডিও’র প্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকদের জানান, মাছ শুকানোর জায়গা অধিগ্রহণ করলে তাঁদের জীবন-জীবিকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। তাঁদের দাবি, লঞ্চিং প্যাড সংলগ্ন ভেড়ির বাঁধ পর্যন্ত যেটুকু মাপজোক করা হয়েছিল, সেটুকু অবধিই সীমানা নির্ধারণ করা হোক। এনিয়ে তাঁরা আলোচনার প্রস্তাব দেন। কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান আমিন সোহেল বলেন, জুনপুটে মাছ শুকিয়ে হাজার হাজার মানুষ জীবিকা নির্বাহ করেন। মৎস্যজীবীদের স্বার্থ বিঘ্নিত হলে তাঁদের নিয়ে আন্দোলনে নামব। বিডিও বলেন, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ