সংবাদদাতা, নাগরাকাটা: মাল পুরসভার জন্ম-মৃত্যু নিবন্ধীকরণ বিভাগের এক কর্মীর বিরুদ্ধে মালবাজার থানায় অভিযোগ করবে পুর কর্তৃপক্ষ। সোমবার বৈঠকের পর এমনটাই আভাস দিলেন মাল পুরসভার ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুড়ি। উল্লেখ্য, আফগান নাগরিকদের জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট দেওয়া হয়েছিল এই মাল পুরসভা থেকে। এই সার্টিফিকেট নিয়ে সেই আফগান নাগরিকরা ভারতীয় পাসপোর্ট তৈরি করে। সম্প্রতি দিল্লি ইন্দিরাগান্ধী বিমানবন্দরে আফগান নাগরিকদের ছ’টি ভারতীয় পাসপোর্টের হদিশ মিলেছে। সিবিআই এই মামলার তদন্ত করছে। অভিযোগ, মাল পুরসভা থেকে আফগান নাগরিকদের জন্ম-মৃত্যুর শংসাপত্র দেওয়া হয়েছে। ১৫টি শংসাপত্রের মধ্যে ১১টি শংসাপত্র দেওয়া হয়েছে মাল পুরসভা থেকে। সেই শংসাপত্র কীসের ভিত্তিতে দেওয়া হয়েছে, সিবিআইয়ের তরফে তা মাল পুরসভার কাছে জানতে চেয়ে নোটিস পাঠানো হয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, সোমবারের মধ্যে সামগ্রিক বিষয়ে যাবতীয় নথি জমা করার নির্দেশ দেওয়া হয়েছিল জন্ম-মৃত্যু নিবন্ধীকরণ বিভাগের এক কর্মীকে। তবে তিনি এদিন সেই নথিপত্র জমা দেননি। ওই কর্মী বলেন, যাবতীয় নথি পুর কর্তৃপক্ষকে প্রদান করা হয়েছে। বিষয়টি তারা দেখছে। তবে পুরসভা সূত্রে জানা গিয়েছে, যে আফগান নাগরিকদের জন্ম-মৃত্যুর শংসাপত্র প্রদান করা হয়েছিল, তাদের বিষয়ে পর্যাপ্ত নথি নেই পুরসভায়। মাল পুসভার ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুড়ি বলেন, এদিন বিকেল পর্যন্ত নথি জমা দেননি সংশ্লিষ্ট বিভাগের কর্মী। আমরা শীঘ্রই ওই কর্মীর নামে নামে মাল থানায় অভিযোগ দায়ের করব।



