Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জন্মহারের থেকে বেশি শংসাপত্র প্রশ্নের মুখে বিজেপি পরিচালিত পঞ্চায়েত

জন্মহারের থেকে বেশি শংসাপত্র প্রশ্নের মুখে বিজেপি পরিচালিত পঞ্চায়েত
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: এলাকায় জন্মহারকেও কয়েকগুণ ছাপিয়ে গিয়েছে বিজেপি পরিচালিত পঞ্চায়েতের ইস্যু করা জন্ম শংসাপত্র। বগুলা-২ পঞ্চায়েত থেকে ৪৮০০টি এরকম জন্ম শংসাপত্র দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসা ব্যবস্থার যুগেও অদ্ভুতভাবে এর প্রতিটি ক্ষেত্রেই নাকি হোম ডেলিভারি-অর্থাৎ বাড়িতে সন্তান প্রসব হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই অঞ্চলে অনেক অনুপ্রবেশ ঘটে। সেখানে বিজেপি পরিচালিত পঞ্চায়েতের এমন কর্মকাণ্ড প্রকাশ্যে আসতেই আলোড়ন পড়ে গিয়েছে।
Advertisement
শুক্রবার ঘটনাটি প্রকাশ্যে আসার পরই বগুলা-২ পঞ্চায়েতের সচিব ও তিনজন চুক্তিভিত্তিক কর্মী গ্রেপ্তার হয়। অভিযোগ, টাকার বিনিময়ে পঞ্চায়েত থেকে ভুয়ো জন্ম শংসাপত্র তৈরি করে দেওয়া হতো। বলাই বাহুল্য, অনুপ্রবেশকারীদের কাছে ভারতীয় পরিচয়পত্র তৈরি করতে প্রাথমিক প্রমাণ হিসেবে এরকম একটি জন্মশংসাপত্রই যথেষ্ট। দিনভর অনুপ্রবেশ নিয়ে রাজ্যের শাসকদলের যারা মুণ্ডপাত করে, তাদের পঞ্চায়েতেরই এহেন কাণ্ড নিয়ে এখন মোড়ে মোড়ে আলোচনা চলছে।
ব্লক প্রশাসন সূত্রের খবর, প্রাথমিকভাবে দেখা গিয়েছে ওই পঞ্চায়েত এলাকায় এক বছরে জন্মহারের চেয়ে কয়েকগুণ বেশি সংখ্যায় জন্ম শংসাপত্র ইস্যু করা হয়েছে। ‘ইনস্টিটিউশনাল ডেলিভারি’ অর্থাৎ হাসপাতালে সন্তান প্রসব হলে প্রমাণ হিসেবে একাধিক বৈধ কাগজপত্র প্রয়োজন হয়। তাই এঘটনার প্রতিটি ক্ষেত্রেই বাড়িতে প্রসব হয়েছে বলে লেখা আছে। ব্লক প্রশাসন জানিয়েছে, ইতিমধ্যেই প্রতিটি শংসাপত্রের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। তথ্য ধরে জানার চেষ্টা চলছে, ঠিক কীভাবে গরমিল হয়েছে। এই তালিকায় অনুপ্রবেশকারী আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। সেক্ষেত্রে প্রতিটি জন্ম শংসাপত্রই বাতিল করা হবে বলে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্য বলেন, বিষয়টি নিয়ে পুলিস তদন্ত করছে। দেখা যাক তাতে কী উঠে আসে। ইস্যু হওয়া জন্ম শংসাপত্রগুলি খতিয়ে দেখতে শুরু করেছি। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, সেগুলি বাতিল করে দেওয়া হবে। তার আগে সমস্ত শংসাপত্রই তথ্যভিত্তিক পরীক্ষা করা হবে। প্রতিটি ক্ষেত্রেই বাড়িতে সন্তান প্রসবের কথা লেখা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ