সংবাদদাতা, জঙ্গিপুর: জঙ্গিপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের জয়রামপুরে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও একটি কমিউনিটি হলের শিলান্যাস হয়। বুধবার বিকেলে রাজপাড়ায় এই দু’টি কাজের সূচনা করেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী, ওয়ার্ডের কাউন্সিলার ফিরোজ শেখ প্রমুখ। অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং কমিউনিটি হলটি গড়ে উঠলে ছোট ছেলেমেয়েরা ও এলাকাবাসী উপকৃত হবেন। বৃহস্পতিবার থেকেই কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। এজন্য মোট খরচ পড়বে প্রায় ২৭ লক্ষ টাকা। অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও কমিউনিটি হলের কাজ শুরু হওয়ায় অত্যন্ত উচ্ছ্বসিত এলাকাবাসী। জাকির সাহেব বলেন, শিশুদের জন্য একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং বাসিন্দাদের জন্য একটি কমিউনিটি হলের প্রয়োজন ছিল।



