Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চালু ডায়ালিসিস পরিষেবা

জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চালু ডায়ালিসিস পরিষেবা
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: জঙ্গিপুর মহকুমা হাসপাতালে এবার থেকে মিলবে ডায়ালিসিস পরিষেবা। কিডনিজনিত জটিল সমস্যায় ভোগা রোগীদের জন্য এই পরিষেবা চালু হল। বুধবার সকালে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে এই পরিষেবার উদ্বোধন করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহম্মদ আখরুজ্জামান। উপস্থিত ছিলেন জঙ্গিপুরের বিধায়ক তথা রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান জাকির হোসেন, পুরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম, জঙ্গিপুরের পুলিস সুপার আনন্দ রায়, জঙ্গিপুরের এসডিও একাম জে সিংহ প্রমুখ। কিডনিজনিত জটিল সমস্যায় ভোগা রোগীদের ডায়ালিসিসের জন্য এতদিন বহরমপুরে মেডিক্যাল হাসপাতাল বা বেসরকারি হাসপাতালে ছুটতে হতো। মহকুমা হাসপাতালে এই পরিষেবা চালু হওয়ায় এলাকার মানুষ বিশেষভাবে উপকৃত হবে। জাকির সাহেব বলেন, হাসপাতালে সাধারণ মানুষ চিকিৎসার জন্য আসে। তারা যাতে সরকারি হাসপাতালে সবরকম পরিষেবা পায়, সেই বিষয়ে আমাদের সরকার সচেষ্ট রয়েছে। মন্ত্রী আখরুজ্জামান বলেন, এলাকাবাসীর কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হাসপাতালে ডায়ালিসিসের ব্যবস্থা করেন। এদিন থেকেই পরিষেবা চালু হয়ে গেল। যে সমস্ত জরুরি যন্ত্রপাতি বা মেশিন অকেজো হয়ে পড়ে রয়েছে, সেগুলি যাতে সচল করা যায়, সেই বিষয়টি দেখা হচ্ছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বছরখানেক আগেই ভার্চুয়ালি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে এই ডায়ালিলিস সেন্টারের উদ্বোধন করেন। ডায়ালিসিস সেন্টারের পরিকাঠামোর কাজ সম্পূর্ণ হওয়ায় এদিন থেকে পরিষেবার সূচনা হল। পাঁচটি বেড বিশিষ্ট ডায়ালিসিস সেন্টারে ২৪ ঘণ্টা পরিষেবা মিলবে। বিশেষত ডায়াবিটিস, হাইপারটেনশন, স্নেক বাইক সহ ক্রনিক রোগে ভোগা রোগীদের যাদের ডায়ালিলিসের প্রয়োজন তাদের এই পরিষেবা দেওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ