Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জঙ্গিপুর হাইস্কুলে চন্দ্রযান-৩ এর মডেল দিলেন প্রাক্তনী তথা ইসরোর বিজ্ঞানী

জঙ্গিপুর হাইস্কুলে চন্দ্রযান-৩ এর মডেল দিলেন প্রাক্তনী তথা ইসরোর বিজ্ঞানী
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: চন্দ্রযান-৩ এর অনুরূপ মডেল তৈরি করে জঙ্গিপুর হাইস্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দিল ইসরোর বিজ্ঞানী তসিকুল ওয়ারার পরিবারবর্গ। সোমবার দুপুরে স্কুলের প্রধান শিক্ষক রাজীবকুমার ঘোষাল ও সহকারী শিক্ষকদের হাতে ওই মডেল তুলে দেওয়া হয়। বিশিষ্ট বিজ্ঞানী তসিকুল ওয়ারা জঙ্গিপুর হাইস্কুলেই লেখাপড়া করেছেন। ১৯৮৪সালে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হন। বর্তমানে তিনি ইসরোতে কর্মরত রয়েছেন।
Advertisement
চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার অবতরণে ইসরোর অন্য বিজ্ঞানীদের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তসিকুল ওয়ারা সাহেব। স্কুলের প্রাক্তনী এই কৃতীর সাফল্যে গর্বিত জঙ্গিপুর হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকারা। তসিকুল সাহেব তাঁর স্কুলের শিক্ষকদের শ্রদ্ধা ও সম্মান জানাতেই এই মডেল তুলে দেওয়ার কথা ভাবেন। পড়ুয়াদের উৎসাহিত করতে স্কুলের ছাত্রছাত্রীদের সামনে চন্দ্রযানের মডেলটি প্রদর্শন করা হয়।
এই বিশিষ্ট বিজ্ঞানীর স্ত্রী সিরিন ওয়ারা বলেন, এই স্কুলেই উনি লেখাপড়া করেছেন। তাই স্কুলের স্যারদের শ্রদ্ধা জানাতেই এই মডেলটি পাঠিয়েছেন। বর্তমানে উনি পরবর্তী প্রজেক্টের কাজে ব্যস্ত রয়েছেন। সেকারণে নিজে আসতে পারেননি। আমি স্বামীর তরফে স্কুল কর্তৃপক্ষকে চন্দ্রযানের মডেলটি দিয়েছি। জঙ্গিপুর হাইস্কুলের প্রধান শিক্ষক বলেন, আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র বিশ্বের দরবারে দেশের নাম উজ্জ্বল করেছেন। তাঁর পাঠানো এই মডেল ছাত্রছাত্রীদের বিজ্ঞানের বিষয়ে আগ্রহ বাড়াতে অনুপ্রেরণার কাজ করবে। তসিকুল ওয়ারা সাহেবের এই সাফল্য আমরা গর্বিত।
সম্পর্কিত সংবাদ