Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জঙ্গিপুর বইমেলার শেষদিনে মানুষের ঢল

জঙ্গিপুর বইমেলার শেষদিনে মানুষের ঢল
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, জঙ্গিপুর: শুক্রবার জঙ্গিপুর বইমেলা শেষ হল। ২১ফেব্রুয়ারি এই মেলার উদ্বোধন হয়। শেষদিনে বইমেলায় মানুষের ভিড় উপচে পড়ে। উদ্যোক্তারা জানান, আগামী বছরে বইমেলার ২০তম বর্ষ। সেবার আরও বড় ও জাঁকজমকপূর্ণ বইমেলা আয়োজন হবে। 
Advertisement
বইমেলার যুগ্ম আহ্বায়ক গৌতম ঘোষ বলেন, এবারের মেলা একসপ্তাহের বেশি চলেছে। স্থানীয়রা মেলায় বই কিনে জ্ঞান সঞ্চয়ের সুযোগ যেমন পেয়েছেন, তেমনি আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে তাঁদের মনোরঞ্জন করেছি। আশা করছি, আগামীতে আরও ভালো বইমেলা উপহার দিতে পারব।
মূলত বইমেলা কমিটি ও জঙ্গিপুর পুরসভার যৌথ উদ্যোগে এই মেলা হয়। বাম আমলে ২০০৫সালে রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জিপার্ক ময়দানে মুর্শিদাবাদ জেলা বইমেলা হয়। বইমেলা ঘিরে শহরবাসীর উন্মাদনা ও আবেগ দেখে তার পরের বছর থেকেই জঙ্গিপুর বইমেলা হয়ে আসছে। যদিও উদ্যোক্তাদের দাবি, ১৯৬৩সালে জঙ্গিপুরেই রাজ্যের তথা দেশের প্রথম বইমেলা হয়েছিল।
বইমেলা কমিটি জানিয়েছে, এবার মেলায় কয়েকলক্ষ টাকার বই বিক্রি হয়েছে। শেষদিনে মানুষের ঢল নামায় ভালো বিক্রিবাটা হয়েছে। প্রতিদিন বিকেলে থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠান মেলায় অন্য মাত্রা যোগ করেছে। বাংলা ব্যান্ডখ্যাত গায়ক সুরজিতের গান শহরবাসীকে খুশি করেছে। শহরের প্রবীণ লেখক-লেখিকাদের পাশাপাশি নবীন লেখকদের রচনায় সমৃদ্ধ স্মরণিকা প্রকাশিত হয়।
মেলার অপর আহ্বায়ক বিকাশ নন্দ বলেন, মেলার শেষদিনে মনটা একটু বিষণ্ণ হয়ে গেল। এত আয়োজন, এত বইয়ের স্টল শনিবার থেকে মিস করব। আগামী বছর যাতে আরও ভালো মেলা মানুষকে উপহার দিতে পারি, সেবিষয়ে আমরা এখন থেকেই ভাবনাচিন্তা শুরু করছি। জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম বলেন, খুব ভালো বইমেলা হয়েছে। জঙ্গিপুরের শহরবাসী ও সংস্কৃতিবান মানুষ এগিয়ে না এলে এটা সম্ভব হতো না। আগামী বছরও খুব ভালো করে মেলা আয়োজন আমাদের লক্ষ্য।
Advertisement
সম্পর্কিত সংবাদ