Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জঙ্গলমহল উৎসবের প্রস্তুতি তুঙ্গে, দু’দিন বর্ণময় অনুষ্ঠানে মাতবে ঝাড়গ্রাম

জঙ্গলমহল উৎসবের প্রস্তুতি তুঙ্গে, দু’দিন বর্ণময় অনুষ্ঠানে মাতবে ঝাড়গ্রাম
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ধামসা মাদলের তালে মেতে উঠবে ১০ম জঙ্গলমহল উৎসব। রবিবার জেলাশাসকের দপ্তরের সামনের মাঠে বিকেল ৩টের সময় অনুষ্ঠানের সূচনা হবে। লোকশিল্পীরা নৃত্য, গীত অনুষ্ঠানে তুলে ধরবেন। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাঁদের হাতের তৈরি জিনিসপত্র নিয়ে মেলায় বসবেন। দু’দিন ব্যাপী বর্ণময় অনুষ্ঠান ঘিরে মাতবে জেলার মানুষ। 
Advertisement
জেলাশাসক সুনীল আগরওয়াল বলেন, এবার জঙ্গলমহল উৎসব হচ্ছে ২০ ও ২১ জানুয়ারি। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের তত্বাবধানে এই অনুষ্ঠান হচ্ছে। জঙ্গলমহল তার প্রাকৃতিক সৌন্দর্য ও লোকজ শিল্পের জন্য প্রসিদ্ধ। রাজ্য সরকার প্রাকৃতিক পর্যটন ও লোকজ শিল্পের প্রসারে নানা উদ্যোগ নিচ্ছে। জঙ্গলমহল উৎসবের স্থান এবার বদল করা হয়েছে। জেলাশাসকের দপ্তর এবার হয়ে উঠেছে উৎসবস্থল। এক বছর বন্ধ থাকার পর উৎসব হওয়ায় উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকশিল্পীরা আসবেন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মেলায় মোট স্টল থাকবে ২০টি। দু’টি হাট বসবে।  হাটে জেলার বিভিন্ন প্রান্তের স্বনির্ভর গোষ্ঠীগুলি নিজের হাতের তৈরি নানা পসরা নিয়ে বসবেন। লোকপ্রসার প্রকল্পের শিল্পীরা দু’দিন ধরে নৃত্য, গীত পরিবেশন করবেন। স্থানীয় শিল্পীরাও অনুষ্ঠানে সমানভাবে অংশগ্রহণ করে মনোরঞ্জন করবেন। জঙ্গলমহলের জীবন-জীবিকা, প্রকৃতি, পর্যটনের বিকাশ, আদিবাসী সংস্কৃতি বিষয়ক আলোচনার আয়োজন করা হয়েছে। সরকারের বিভিন্ন দপ্তরের স্টলও থাকবে। দু’দিনের মেলার জন্য খরচ হবে ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা। লোকশিল্পী সুমনা দাস বলেন, জেলার লোকশিল্পের প্রসারে সরকার নানা উদ্যোগ নিচ্ছে। কিছুদিন আগে শহরের ভিতর লোকশিল্পের স্থায়ী হাট চালু করা হয়েছে। সেখানে স্টল পেয়েছি। এছাড়াও সরকারের বিভিন্ন অনুষ্ঠানে আমাদের ডাকা হচ্ছে। লোকজ শিল্প তৈরির কাজে গ্ৰামীণ লোকশিল্পীদের আমরা সহযোগিতা নিচ্ছি। জঙ্গলমহলের মতো বৃহৎ উৎসব লোকজ শিল্পের প্রসারে বড় ভূমিকা নিচ্ছে।
সম্পর্কিত সংবাদ