Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জমিতে লাঙল দেওয়া নিয়ে বিবাদ শাবল দিয়ে পিটিয়ে খুন আদ্রায়

জমিতে লাঙল দেওয়া নিয়ে বিবাদ শাবল দিয়ে পিটিয়ে খুন আদ্রায়
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: জমিতে লাঙল দেওয়া নিয়ে প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা। সেই সময় এক ব্যক্তিকে শাবল ও লাঠি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম কুরবান আনসারী(৪৯)। বাড়ি আদ্রার গগনাবাদ গ্রাম পঞ্চায়েতের বেলাডাঙা গ্রামে। শনিবার তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। গ্রামজুড়ে থমথমে পরিবেশ তৈরি হয়েছে। এদিন পরিস্থিতি খতিয়ে দেখতে পুরুলিয়া জেলার অতিরিক্ত পুলিস সুপার কল্যাণ সিংহরায়, রঘুনাথপুর মহকুমা পুলিস আধিকারিক রোহিদ শেখ ঘটনাস্থলে হাজির হন। গ্রামে অপ্রীতিকর ঘটনা রুখতে পুলিস পিকেট বসানো হয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুরবান জমিতে চাষাবাদের পাশাপাশি বিভিন্ন নির্মাণ সামগ্রী সরবরাহের কাজ করতেন। চাষের জন্য গ্রামের একজনের জমি লাঙল দেন। ওই জমিতে সব্জি লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। জমিতে লাঙল দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে কুরবান বিবাদে জড়িয়ে পড়েন। সেই সময় তাঁকে খুন করা হয় বলে অভিযোগ।
পরিবারের সদস্যরা বলেন, কুরবান এদিনই সকালে জমিতে লাঙল দিয়ে বাড়ি ফেরেন। কিছুক্ষণ পরেই কয়েকজন প্রতিবেশী বাড়ি থেকে তাঁকে ডেকে নিয়ে যান। জমিতে কেন লাঙল দিয়েছে, তা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। সেই সময় বাঁশ, রড, শাবল দিয়ে তাঁকে ব্যাপক মারধর করা হয়। কুরবান গুরুতর জখম হন। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গেলে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে আদ্রা থানার পুলিস ঘটনাস্থলে আসে। তাঁকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ভাইপো শরিফ আনসারী বলেন, কাকা মাঠ থেকে বাড়ি এলে প্রতিবেশীদের কয়েকজন কাকাকে ডেকে নিয়ে যায়। আমিও কাকার পিছনে যাই। সেখানে কয়েকজন প্রতিবেশী কাকার কাছে জানতে চায় ‘জমিতে কার অনুমতিতে লাঙল দেওয়া হয়েছে’। কাকা তাদের জানান, জমিটি যশওয়ালদের। তাঁরাই চাষ করতে বলেছেন। কিন্তু, প্রতিবেশীরা জানায়, কাকা যে জমিতে লাঙল দিয়েছে সেটি তাদের জমি। তাই ওই জমিতে কেন লাঙল দিয়েছে, তা নিয়ে কাকার সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। কাকা তাদের জানিয়ে দেন, জমিটি যদি তাদের হয় তাহলে তাঁকে কোনও কিছু না বলে যশওয়ালদের সঙ্গে কথা বলতে। তখনই ওরা লাঠি, শাবল, বাঁশ নিয়ে কাকার উপর চড়াও হয়। আমি ছাড়াতে গেলে সরিয়ে দেয়। কাকাকে শাবল দিয়ে একাধিকবার মাথায় আঘাত করা হয়। তারপরেই ওরা পালিয়ে যায়। বর্তমানে আমরাও খুব আতঙ্কে রয়েছি। কাকাকে যারা খুন করেছে, তাদের গ্রেপ্তারের দাবি জানাই। তাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি চাই। পুলিস জানিয়েছে, একটি খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
সম্পর্কিত সংবাদ