Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জমির অর্থ লেনদেন ঘিরে বারোঘরিয়ায় সক্রিয় দালালচক্র, নাম জড়াল উপপ্রধানের

জমির অর্থ লেনদেন ঘিরে বারোঘরিয়ায় সক্রিয় দালালচক্র, নাম জড়াল উপপ্রধানের
  • ৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ধূপগুড়ি: জমির মালিকানায় অসঙ্গতির সুযোগ নিয়ে বাড়ি বাড়ি আসছেন দালালরা। দিচ্ছেন নানা ধরনের টোপ। এককথায় দালালদের উৎপাতে নাজেহাল অবস্থা ধূপগুড়ির বারোঘরিয়ার জমির মালিকদের। দালাল চক্রের সঙ্গে রাজনৈতিক নেতা থেকে প্রশাসনিক ব্যক্তিদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। এমনকী নাম উঠে এসেছে বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানেরও। যদিও অভিযোগ অস্বীকার করেছেন উপপ্রধান আবু তাহের। 
Advertisement
ধূপগুড়ির উপর দিয়ে যাচ্ছে ৮ কিমি ২১৫ মিটারের মতো লম্বা ফোর লেন। একটি মৌজা বাদে অন্যসব মৌজার জমিদাতাদের ক্ষতিপূরণের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। কিন্তু উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি এবং দখলকৃত জমি নিয়ে বিবাদ ক্রমশ জটিল হচ্ছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে জমিদাতাদের প্রতারিত করার ফাঁদ পেতে সক্রিয় হয়ে উঠেছে দালালচক্র।‌ চলছে সমস্যা সমাধানের আশ্বাসে মোটা টাকার চুক্তি। 
দালালদের থেকে সতর্ক থাকার ব্যাপারে প্রচারও করছে প্রশাসন। ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দীপু রায় বলেন, চারদিকে দালালরা ঘুরছে। চলছে নানারকম টোপ। আমরা প্রচার করছি। 
কিন্তু উপপ্রধানের নাম জড়িয়ে পড়ায় শোরগোল পড়েছে এলাকায়। বারোঘরিয়ার একটি জমির মালিক ভবতোষ মণ্ডল বলেন, দাদুর জমির মালিকানার বিষয় নিয়ে মামার পরিবারের সঙ্গে আমাদের মামলা চলছে। কিন্তু এলাকার উপপ্রধান আবু তাহের এক পক্ষকে ক্ষতিপূরণ পাইয়ে না দেওয়ার ষড়যন্ত্র করছে। আর একজন সুবীর মণ্ডল বলেন, যেখানেই জমির মালিকানা নিয়ে সমস্যা চলছে সেখানে সমাধানের নামে দালালরা সক্রিয়। উপপ্রধানও এই চক্রের সঙ্গে জড়িত। নরেশ রায় নামে আর একজন বলেন, দালালদের দাপটে সরকারি আধিকারিকরা জমির মালিকদের পাত্তা দেন না। 
যদিও উপপ্রধান আবু তাহের সবটাই উড়িয়ে দিয়েছেন। তাঁর কথায়, আমরা দালালচক্রের বিরোধী। এনিয়ে প্রশাসনকে অভিযোগ জানিয়েছি। কিন্তু আমার নামে মিথ্যা বদনাম করা হচ্ছে। যারা করছে তাদের আমি চিনি না। জমি অধিগ্রহণে জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফে দায়িত্ব পাওয়া ধূপগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশকুমার সিং বলেন, জমি নিয়ে দালালচক্রের ব্যাপারে জানা নেই। তবুও জমিদাতাদের সতর্ক থাকার কথা বলা হয়েছে। আমরা বিষয়টির উপর নজর রাখছি।
সম্পর্কিত সংবাদ