নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ‘অপারেশন রাউডি গ্যাং’ অভিযানে নামছে পুলিস। ‘রাউডি’দের শায়েস্তা করতে এই অভিযান করা হচ্ছে। জামিনে মুক্ত দাগি অপরাধীদেরও গতিবিধি নজরদারি করা হবে। যার জন্য বিশেষ টিম গঠন করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিস। মঙ্গলবার রাতে পূর্ব বর্ধমান জেলা পুলিস তিনটি পিস্তল সহ তিন দুষ্কৃতীকে পাকড়াও করেছে। মেমারি, জামালপুর এবং রায়না থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের তিনজনের বিরুদ্ধে অতীতের বিভিন্ন অভিযোগ রয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মালদহ এবং বীরভূমের ঘটনা থেকে শিক্ষা নিয়েই পুলিসের এমন উদ্যোগ। রাজ্যের প্রতিটি জেলাতেই এই অভিযান করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য পুলিসের একটি গোয়েন্দা বিভাগও ‘রাউডি’দের পাকড়াও করার জন্য বিশেষ টিম তৈরি করেছে। বহু দুষ্কৃতী জামিনে মুক্ত রয়েছে। তারা কোথায় কী করছে সেটাও খোঁজ নিয়ে দেখছে পুলিস। তারা অপরাধ জগত থেকে সরে আসলে কোনও অসুবিধা নেই। কিন্তু যারা এখনও এই পথ ছাড়েনি তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। এক আধিকারিক বলেন, দুষ্কৃতীদের কাছে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র রয়েছে। আইনশৃঙ্খলা ঠিক করার জন্যই এমন সিদ্ধান্ত হয়েছে। মূলত ভোটের আগে এধরনের অপারেশন চালানো হয়। মালদহ এবং বীরভূমের দুষ্কৃতীদের দৌরাত্ম্য দেখার পরই এধরনের সিদ্ধান্ত হয়েছে। এলাকায় অনেকেই তোলাবাজি করে। জোর করে জমি দখল, জুলুমবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কাজ তারা করে। কিন্তু ভয়ে অনেকেই তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস দেখায় না। পুলিস এবার তাদের বিরুদ্ধে আগে থেকেই পদক্ষেপ নেবে। দুষ্কৃতীদের তালিকা পুলিসের কাছে রয়েছে। বিভিন্ন অভিযোগে তারা জেল খেটেছে। তাদের কেউ কেউ মূলস্রোতে ফিরেছে। অনেকে এখনও অপরাধ করে চলছে। তাদের চিহ্নিত করে পদক্ষেপ নেওয়া হবে। বর্ধমান দক্ষিণের মহকুমা পুলিস আধিকারিক অভিষেক মণ্ডল বলেন, মঙ্গলবার রাতে আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে পাকড়াও করা হয়েছে। তারা কোথা থেকে পিস্তল পেয়েছিল বা তাদের কী উদ্দেশ্যে ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বেশ কয়েকজন ক্যারিয়ারকে কলকাতা, মুর্শিদাবাদ এবং মালদহ থেকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু চক্রীরা এখনও অধরা রয়ে গিয়েছে। তারা এখনও বিভিন্ন কৌশলে নাইনএমএম, সেভেনএমএম জাতীয় আগ্নেয়াস্ত্র ঢোকাচ্ছে। বিভিন্ন জেলার দুষ্কৃতীদের কাছে তা তারা পৌঁছে দিচ্ছে। সহজেই হাতে আগ্নেয়াস্ত্র পেয়ে যাওয়ায় আস্ফালন শুরু করেছে। পুলিসের কাছে এমন ইনপুট আসার পর দুষ্কৃতীদের পাকড়াও করতে তারা মরিয়া হয়ে উঠেছে। রাজ্য পুলিসের গোয়েন্দা বিভাগও ‘রাউডি’দের উপর নজর রাখছে। তারাও কলকাতা সহ বিভিন্ন জেলায় অভিযান চালাবে। মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম ও উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতে তারা বিশেষভাবে অভিযান চালাবে। ওই জেলাগুলিতে বহু দুষ্কৃতী অধরা রয়েছে। তাদের পাকড়াও করার তোড়জোড় শুরু হয়েছে। বাংলাদেশ থেকে কোনও দুষ্কৃতী এরাজ্যে আসছে কি না সেটাও তারা খোঁজ নিয়ে দেখছে।



