সংবাদদাতা, বর্ধমান: জামালপুর থানার রামনাথপুরে স্ত্রীর পরকীয়া জানতে পেরে অশান্তির জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন স্বামী। শনিবার বিকেলে ঘরে বাঁশের কাঠামোয় বিদ্যুতের তার দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতের নাম সন্টু সাঁতরা(৩৪)। তিনি রাজস্থানের উদয়পুরে সোনার কাজ করতেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, স্বামী বাইরে থাকায় এক যুবকের সঙ্গে সন্টুবাবুর স্ত্রীর ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার কয়েকদিন আগে ওই যুবকের সঙ্গে স্ত্রীকে হাতেনাতে ধরে ফেলে পরিবারের লোকজন। খবর পেয়ে সন্টুবাবু বাড়ি ফিরে আসেন। এনিয়ে স্বামী–স্ত্রীর মধ্যে কয়েকদিন ধরেই অশান্তি চলছিল। ঘটনার দিন অশান্তি চরমে ওঠে। এরপরেই সন্টুবাবুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের দাদা অসিত সাঁতরা বলেন, বউমা এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিল। দিনকয়েক আগে তাকে হাতেনাতে ধরা হয়। বউমার পরকীয়ার কথা ভাইকে জানানো হয়। তারপরই ভাই বাড়ি ফেরে। পরকীয়া সম্পর্ক নিয়ে বউমার সঙ্গে ভাইয়ের অশান্তি হয়। স্ত্রীর পরকীয়া নিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে ভাই আত্মঘাতী হয়েছে। অন্য একটি ঘটনায় বর্ধমান থানার চাঁদসোনা গ্রামে কীটনাশক খেয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম ঝন্টু হাজরা(২৭)। দিনকয়েক আগে বাইরে থেকে কীটনাশক খেয়ে বাড়ি ফেরেন তিনি। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।



