সংবাদদাতা, বর্ধমান: টাকা আদায়ের জন্য এক ব্যক্তিকে আটকে রাখায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে জামালপুর থানার পুলিস। ধৃতের নাম শেখ আউলিয়া আলি। হুগলির পাণ্ডুয়া থানার ভিটাসিন ঝাপানতলায় তার বাড়ি থেকেই মঙ্গলবার ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকেই উদ্ধার হয় অপহৃত। পুলিস জানিয়েছে, জামালপুর থানার জৌগ্রাম আমড়ার বাসিন্দা জামালউদ্দিন শেখের বাড়িতে সোমবার বেলা ১১টা নাগাদ শেখ আউলিয়া ও এক মহিলা আসে। সেই সময় জামালউদ্দিন বাড়িতে ছিলেন না। তিনি বাজারে গিয়েছিলেন। ঘণ্টাখানেক পর তিনি বাড়ি ফেরেন। তিনি বাড়ি ফেরার আগেই মহিলাকে রেখে চলে যায় আউলিয়া। জামালউদ্দিন বাড়ি ফেরার পর মহিলার সঙ্গে কথাবার্তা বলেন। তারপর পায়ে ব্যথার কথা জানিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য জামালউদ্দিনকে বলে মহিলা। সরল বিশ্বাসে বাইকে চাপিয়ে মহিলাকে তার বাড়িতে পৌঁছতে যান জামালউদ্দিন। বিকেল ৪টে নাগাদ তাঁর মোবাইল থেকে স্ত্রীকে ফোন করা হয়। পুরনো টাকা পাওয়া নিয়ে বিবাদের জেরে আউলিয়া তাঁকে আটকে রেখেছে বলে জামালউদ্দিনের স্ত্রীকে জানানো হয়। এরপরই জামালউদ্দিনের স্ত্রী ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। এদিনই ধৃতকে বর্ধমান আদালতে তোলা হলে জামিন মঞ্জুর করেন সিজেএম চন্দা হাসমত।



