নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: জামালপুরের পর্বতপুরে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে এক শিশু সহ ১৫জন যাত্রী জখম হয়েছেন। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজনের চিকিৎসা চলছে। বাকিদের জামালপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, বাসটি জামালপুরের দিক থেকে যাচ্ছিল। পর্বতপুরে বাঁকের মুখে উল্টোদিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা জখমদের উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে পাঠান। দুর্ঘটনার জেরে ওই রাস্তায় যান চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ ছিল। পরে জামালপুর থানার পুলিস এসে যান চলাচল স্বাভাবিক করে। পুলিস ট্রাকটি আটক করেছে।



