নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: লোনের কিস্তি দিতে না পারায় এক গৃহবধূর সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগ উঠেছে ঋণ প্রদানকারী সংস্থার বিরুদ্ধে। জামালপুরের চকদিঘি পঞ্চায়েতের মণিরামবাটি গ্রামের ওই গৃহবধূ থানায় অভিযোগ করেছেন। তিনি বলেন, একটি সংস্থা থেকে ৪৫ হাজার টাকা লোন নিয়েছিলাম। তা দিয়ে দু’টি গোরু কিনেছিলাম। সংসারে টানাটানি থাকায় কিস্তি দিতে দেরি হচ্ছিল। বৃহস্পতিবার রাতে বাড়িতে একা ছিলাম। লোন প্রদানকারী সংস্থার এক কর্মী এসে কিস্তির টাকা দেওয়ার জন্য জোরজুলুম করতে থাকে। টাকা না থাকায় সে আমাকে ঘর থেকে বের করে দেয়। বাড়ির দরজায় শিকল লাগিয়ে দেয়। ভয়ে গ্রামের মাঠে লুকিয়েছিলাম। অন্যদিকে লোন প্রদানকারী ওই সংস্থার কর্মীও জামালপুর থানায় অভিযোগ করেছেন। তাঁর দাবি, কিস্তির টাকা চাইতে গেলে তাঁর উপর হামলা করা হয়। জামালপুর থানার পুলিস জানিয়েছেল দু’পক্ষর অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।



