সংবাদদাতা, মেখলিগঞ্জ: রাস্তার কাজে নিযুক্ত এক ঠিকাদারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে, কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েত এলাকায়। শুক্রবার জামালদহের আশ্রমপাড়া থেকে ওই ঠিকাদারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রেই জানা গিয়েছে, মৃতের নাম নৃপেন বর্মন (৫১)। তাঁর বাড়ি ছিল পারাডুবিতে। প্রায় একবছর ধরে তিনি কাজের সূত্রে জামালদহের আশ্রমপাড়ায় নারায়ণচন্দ্র পালের বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। তাঁর সঙ্গে বেশ কয়েকজন শ্রমিকও ভাড়া থাকেন। অভিযোগ উঠেছে, রাস্তা নির্মাণের কাজে নিযুক্ত শ্রমিকরা কাজ করেও দীর্ঘদিন ধরে পারিশ্রমিক পাচ্ছিলেন না। এই পারিশ্রমিক মেটানোর জন্য নৃপেনবাবুর উপর চাপ দেন শ্রমিকদের একাংশ। সেই চাপ সহ্য করতে না পেরেই আত্মঘাতী হয়েছেন বলে অনুমান করা হচ্ছে। বিষয়টি নিয়ে রাস্তা নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন মৃতের বাড়ির লোকজন সহ স্থানীয়রা। বেশ কিছুক্ষণ বিক্ষোভও চলে। স্থানীয় সূত্রেই জানা গিয়েছে, রাতে ভাড়া বাড়িতে একাই ছিলেন ওই ব্যক্তি। এদিন অনেক বেলা পর্যন্ত ঘরের দরজা বন্ধ ছিল। বাইরে থেকে ডাকাডাকি সাড়াশব্দ না মেলায় পরে ঘরের দরজা ভাঙা হয়। আসেন বাড়ির লোকজনও। তবে বেলা ১২টা পর্যন্ত রাস্তা নির্মাণকারী সংস্থার তরফে কেউই হাজির না হওয়ার দেহ নামাতে দেওয়া হয়নি। ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। পরে দেহ নামিয়ে ময়নাতদন্তে পাঠায় পুলিস।
উল্লেখ্য, কোচবিহার জেলার ব্যস্ততম ১৬এ রাজ্য সড়ক মেরামতির উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ওই রাস্তা সম্প্রসারণের কাজ চলছে। তৈরি করা হচ্ছে রাস্তার পাশে হাইড্র্যান্ট। প্রথম ধাপে ৭৯ কোটি টাকা ব্যয় করে ৩৫ কিমি রাস্তা সম্প্রসারণ করা হচ্ছে। এই রাস্তার কাজের সঙ্গেই যুক্ত ছিলেন মৃত ব্যক্তি।
মেখলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার জানান, একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। কী কারণে ওই মৃত্যু, তা খতিয়ে দেখা হচ্ছে।