নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বেহাল রাস্তা। একের পর এক দুর্ঘটনায় মানুষের প্রাণ যাচ্ছে। এই অভিযোগ শুক্রবার বেলা ১১টা থেকে জামুড়িয়ার বীজপুরে রাস্তা অবরোধ শুরু হয়। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তা চলছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে লরি ধাক্কায় দীপু রুইদাসের(২৫) মৃত্যু হয়। তার রেশ ধরেই এদিন সকাল থেকে রানিসায়ের-জামুড়িয়া রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। রাস্তায় তীব্র যানজট শুরু হয়। নাকাল হন বহু পথযাত্রী। যদিও অবরোধকারীদের দাবি, নিরুপায় হয়েই এই অবরোধ আন্দোলনে তাঁদের নামতে হয়েছে। রানিগঞ্জের রানিসায়েরে ১৯ নম্বর জাতীয় সড়ক থেকে জামুড়িয়া পর্যন্ত রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু মানুষ যাতায়াত করেন। জামুড়িয়ার বহু কারখানার সামগ্রী যায় এই রাস্তা দিয়েই। পিডব্লুডি চলতি বছরেই নতুন করে রাস্তাটি তৈরি করে। কিন্তু, কয়েক মাসের মধ্যেই রাস্তার পিচ উঠে যায়। যার জেরে একের পর এক দুর্ঘটনা ঘটছে। বাসিন্দারা এনিয়ে বিরক্ত। এদিন তাঁরা অবরোধ তুলবে না বলে দৃঢ় প্রতিজ্ঞ হয়েই আন্দোলনে নামেন। স্থানীয় বাসিন্দা আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, পিচের বদলে কারখানার ছাই দিয়ে রাস্তা হলে কেন টিকবে? এই রাস্তা দিয়ে রাত ১০টার আগে ভারী গাড়ি চলাচল করা চলবে না। ব্যবসায়ী মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় বলেন, অপরিকল্পিতভাবে রাস্তা বানিয়েছিল।



