Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জমি নিয়ে বিবাদের জেরে যুবককে খুন, ধৃত অভিযুক্ত

জমি নিয়ে বিবাদের জেরে যুবককে খুন, ধৃত অভিযুক্ত
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: জমি নিয়ে বিবাদের জেরে চাকু দিয়ে এক যুবককে খুন করার অভিযোগ উঠল অন্যএক যুবকের বিরুদ্ধে। শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার-২ ব্লকের চালনিরপাক গ্রামে। পুলিস জানিয়েছে, মৃতের নাম প্রসেনজিৎ রায় (২৮)। রাতেই পুলিস অভিযুক্ত যুবক বানাতু রায়কে গ্রেপ্তার করেছে। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
Advertisement
পুলিস ধৃত যুবককে শনিবার আলিপুরদুয়ার আদালতে তোলে। আলিপুরদুয়ার থানার আইসি অনির্বাণ ভট্টাচার্য বলেন, আদালত ধৃত যুবককে সাতদিনের পুলিসের হেফাজতের নির্দেশ দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাপড়েরপার-১ পঞ্চায়েতের চালনিরপাক গ্রামের বাসিন্দা বানাতু রায় ও প্রসেনজিৎ রায়। পাশাপাশিই তাঁদের বাড়ি। তাঁদের মধ্যে জমির আল নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। পঞ্চায়েতের তরফে দুই প্রতিবেশীর একাধিকবার এই বিবাদ মেটানোর চেষ্টাও করা হয়েছিল। কিন্তু লাভ হয়নি।
শুক্রবার ফের দুই যুবকের এই বিবাদ চরমে ওঠে। বিবাদের জেরে রাতে মদ খেয়ে বানাতু রায় গালিগালাজ করে প্রসেনজিতকে। তখনই প্রসেনজিৎ দলবল নিয়ে বানাতুর বাড়িতে গিয়ে প্রতিবাদ করে। অভিযোগ, সেই সময় বানাতু ঘর থেকে চাকু নিয়ে প্রসেনজিতের পেটে ঢুকিয়ে দিলে তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। রাতেই আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রাই অভিযুক্তকে ধরে পুলিসের হাতে তুলে দেন। 
স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান মাধবী দাসরায় বলেন, অভিযুক্ত যুবককে পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিস ঘটনার তদন্ত করছে। গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান রবীন্দ্র দাস বলেন, পঞ্চায়েতের তরফে এর আগেও জমির আল নিয়ে দুই যুবকের মধ্যে এই বিবাদ মেটানোর চেষ্টা হয়েছিল। কিন্তু লাভ হয়নি।
সম্পর্কিত সংবাদ