Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জমি নিয়ে বিবাদ সমাধানের দাবিতে রায়গঞ্জের মেরুয়ালে সড়ক অবরোধ

জমি নিয়ে বিবাদ সমাধানের দাবিতে রায়গঞ্জের মেরুয়ালে সড়ক অবরোধ
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: জমি বিবাদ সমাধানের দাবিতে মেরুয়ালে রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করল ভূমিপুত্র সুরক্ষা মঞ্চ। শুক্রবার দুপুরে কয়েক ঘণ্টার এই অবরোধে যানজটে আটকে থাকল শতাধিক গাড়ি। থমকে গেল প্রতিবেশী জেলায় বিধানসভা উপ নির্বাচনে অংশগ্রহণকারী কেন্দ্রীয় বাহিনীর গাড়িও। নাকাল হতে হল বহু সাধারণ যাত্রীকে। শেষে রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় রায়ের নেতৃত্বে পুলিস বাহিনী এসে অবরোধ তোলে।  ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। 
Advertisement
ভূমিপুত্র সুরক্ষা মঞ্চের সদস্য অবরোধকারীদের মধ্যে রূপক রায় বলেন, আমাদের বেশ কয়েকজনের বিঘার পর বিঘা জমি দখল করে নিচ্ছে জমি মাফিয়ারা। কেটে নিয়ে যাচ্ছে শতাধিক গাছ। এর পিছনে হেমতাবাদের এক প্রভাবশালী নেতার হাত আছে। বিষয়টি আমরা জেলা পুলিস, প্রশাসন, জনপ্রতিনিধি, ভূমি দপ্তর সকলের নজরে আনলেও এখনও পর্যন্ত এর সুরাহা হয়নি। বিগত দিনে প্রশাসনের তরফে একটি সমন্বয় বৈঠকে ডাকা হয় যাতে আলোচনার মাধ্যমে জমি দখলের বিষয়টির সমাধান হয়। কিন্তু তা কার্যকর হয়নি। তাই আমরা এদিন রাস্তায় নেমে অবরোধ করেছি। 
এদিন রাজ্য সড়কের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু হয়। বেলা ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত টানা এই অবরোধ চলে। 
এদিকে অবরোধের জন্য গুরুত্বপূর্ণ এই রাস্তায় সার দিয়ে দাঁড়িয়ে যায় প্রচুর গাড়ি। কিছু ক্ষেত্রে আটকে যায় অ্যাম্বুলেন্সও। যদিও পুলিসের আশ্বাসে সেসব গাড়ি যেতে দেন বিক্ষোভকারীরা। শেষপর্যন্ত পুলিস আলোচনা করে অবরোধ তুলে দেয়। প্রসঙ্গত, এর আগে জমি বিবাদের সমাধান চেয়ে জেলা পুলিস, প্রশাসন ও বনদপ্তরের কাছে স্মারকলিপি জমা পড়েছে। 
সম্পর্কিত সংবাদ