সংবাদদাতা, ইসলামপুর: জমি দিতে রাজি না হওয়ায় এক যুবককে মারধর। বৃহস্পতিবার দুপুরে ইসলামপরের আগডিমটি খুন্তি পঞ্চায়েতের দিঘির পাহাড় এলাকার ঘটনা। জখম যুবক কাশিম আলি ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, কাশিম কয়েক বছর আগে ইউসুফ আলির কাছ থেকে জমি কিনে নেন। সেই জমি এখন ফেরত চান ইউসুফের ছেলে রেজাবুল। অভিযোগ, কাশিম সেই জমি দিতে রাজি না হওয়ায় তাঁকে মারধর করা হয়। জখম যুবক পুলিসের দ্বারস্থ হয়েছেন। রেজাবুল করিমের দাদা নইমুল হক বলেন, আমার বাবা যে জমি বিক্রি করেছে সেই জমিতে কাশিম বাড়ি করে থাকছেন। কিন্তু সংলগ্ন মসজিদের জমির একাংশ দখল করে রেখেছেন তিনি। সেই জমি ফেরত চাওয়া হয়েছে। আমার ভাইয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ভিত্তিহীন। স্থানীয় পঞ্চায়েত সদস্য সাবানা ইয়াসমিনের স্বামী আলি হুসেন বলেন, বিষয়টি পুলিসকে জানানো হয়েছে।



