নিজস্ব প্রতিনিধি, আসানসোল: মাটি পাচারের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল জামুড়িয়ায়। বিনা অনুমতিতে অন্যের জমি থেকে মাটি, গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি কল্যাণ ঘোষের বিরুদ্ধে। বুধবার সকালে জামুড়িয়া থানার পড়াশিয়া গ্রাম পঞ্চায়েতের কুলডাঙা এলাকায় জমিতে একটি ট্রাক্টরকে আটকে রাখেন স্থানীয় বাসিন্দা উজ্জ্বল ঘোষ। তাঁর অভিযোগ, জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় পাঠিয়ে দিচ্ছেন কল্যাণ ঘোষ। উজ্জ্বলবাবুর সঙ্গে ছিলেন পড়াশিয়া পঞ্চায়েতের প্রধানের স্বামী মনেশ ঘোষও। এরপরই ঘটনাস্থলে আসেন কল্যাণ ঘোষ। দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। যা ঘিরে চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে জামুড়িয়া থানার পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কল্যাণ ঘোষ বলেন, মাটি চুরির অভিযোগ ভিত্তিহীন। আমার ট্রাক্টর আটকে রেখেছিল বলেই এলাকায় এসেছিলাম। সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য মনোজ দত্ত বলেন, আগে লোহা, বালি নিয়ে তৃণমূলের মধ্যে ভাগবাটোয়ারা নিয়ে মারামারি হতো। এখন মাটি নিয়েও তা শুরু হয়েছে। জামুড়িয়ার বিডিও অরুণালোক ঘোষ বলেন, লিখিত অভিযোগ পেলে পদক্ষেপ গ্রহণ করব।



