নিজস্ব প্রতিনিধি, আসানসোল: সোমবার জামুড়িয়ার দুই প্রান্তে দু’টি মৃতদেহ উদ্ধার করল পুলিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে জামুড়িয়া থানার নন্ডী পার্কের পিছনে রাস্তার পাশে পরিত্যক্ত ওসিপিতে একটি মৃতদেহ জলে ভাসতে দেখা যায়। পুলিস দেহ উদ্ধার করে। মৃতার নাম অনুপমা সাউ(৩৮)। জামুড়িয়া সিনেমাহল মোড়ে তাঁর বাড়ি। প্রতিদিনই তিনি এই এলাকায় প্রাতঃভ্রমণে আসতেন। পরিবারের দাবি, এদিনও সকালেও তিনি প্রাতঃভ্রমণে বের হন। তারপরই এই ঘটনা। মৃতার আত্মীয় দীপনারায়ণ সাউ জানান, অনুপমার মানসিক রোগের চিকিৎসা চলছিল। এদিনই জামুড়িয়ার ৫নম্বর ওয়ার্ডে শ্মশান সংলগ্ন জঙ্গলে গাছে ঝুলন্ত অবস্থায় এক প্রৌঢ়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিস। পুলিস জানিয়েছে, মৃতের নাম গণেশ রুইদাস(৫৩)।



