Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জমি কেনাবেচায় ক্লাবের দাদাগিরি রুখতে পদক্ষেপ রানাঘাট পুরসভার

জমি কেনাবেচায় ক্লাবের দাদাগিরি রুখতে পদক্ষেপ রানাঘাট পুরসভার
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: বর্তমান কাগজে খবর প্রকাশিত হতেই রানাঘাট শহরে ক্লাবের দাদাগিরিতে রাশ টানলেন পুর চেয়ারম্যান। সাত সকালে তাঁর নির্দেশে বিশেষ একটি দল শহরের একাধিক ফাঁকা জমিতে লাগানো ক্লাবগুলির লাগান পোস্টার খোলার কাজ শুরু করে। কোনওভাবেই যে এ ধরনের বেআইনি কাজ বরদাস্ত করা হবে না, তা সোমবার স্পষ্ট করে দিয়েছেন রানাঘাটের পুর চেয়ারম্যান কোশলদেব বন্দ্যোপাধ্যায়। 
Advertisement
রবিবার ‘বর্তমান’ কাগজে প্রকাশিত হয়, রানাঘাট শহরের একাধিক ক্লাবের কাণ্ডকারখানা। যেখানে এলাকার জমিবাড়ি কেনাবেচায় পাড়ার ক্লাবের হস্তক্ষেপ করার অভিযোগ ওঠে। শুধু তাই নয়, এলাকার ফাঁকা জমিতে ক্লাবের নামে পোস্টার লাগিয়ে ‘এই জমি কেনার আগে ক্লাবের সঙ্গে যোগাযোগ করুন’ অথবা ‘এই জমি কেউ কিনবেন না’ লিখে গা জোয়ারির বিষয়টি সামনে আসে। যে দু’টি ক্লাবের নামে নির্দিষ্ট করে অভিযোগ আসে, তার একটি ১০ নম্বর ওয়ার্ডের শক্তি সংঘ এবং অন্যটি ১২ নম্বর ওয়ার্ডের মদনমোহনপল্লির স্বামী বিবেকানন্দ ক্লাব। দেখা যায়, এলাকার জমি কেনাবেচায় সরাসরি হস্তক্ষেপ করছে দুই ক্লাবই। এর মধ্যে বিবেকান্দ ক্লাবের তরফে খোদ সম্পাদক অনিমেষ ঘোষ একপ্রকার জোর দিয়েই ক্লাবের এই বেআইনি কাণ্ডকারখানা সমর্থন করেন এবং তাঁদের স্বামী বিবেকানন্দ ক্লাব নাকি এলাকায় জমি কেনাবেচার ‘ব্যবসা’ করবে বলে দাবি করেন। অর্থাৎ এলাকায় জমি কিনতে গেলে এবং বিক্রি করতে গেলে তা করতে হবে ক্লাবের মাধ্যমেই। বলাই বাহুল্য, ক্লাবের এই ভূমিকায় বেজায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। বিষয়টি নিয়ে রবিবারই ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন স্থানীয় কাউন্সিলার জয়ন্ত দাস। আর শক্তি সংঘের তরফে বিষয়টি নিয়ে কেউ মন্তব্য করতে চাননি। 
সোমবার এই খবর প্রকাশিত হওয়ার পরেই কঠোর পদক্ষেপ নেন চেয়ারম্যান কোশলদেব বন্দ্যোপাধ্যায়। পুরসভার দল পাঠিয়ে এই ধরনের পোস্টার যেখানে যেখানে রয়েছে, সেগুলো দ্রুত খুলে ফেলার নির্দেশ দেন। পাশাপাশি তিনি বলেন, বর্তমান কাগজের খবর দেখার পর আমরা কড়া পদক্ষেপ করেছি। আমাদের সরকার ক্লাবগুলির পরিকাঠামো উন্নয়নের জন্য টাকা দিয়েছে। এছাড়াও যারা দুর্গাপুজো করেন তাঁরাও প্রতি বছর সরকারের তরফে অনুদান পান। তাই এই ধরনের বেআইনি কাজ কোনওভাবেই সমর্থন করা হবে না। পরবর্তীতে কোনও ক্লাব একই কাজ করলে সরাসরি আইনি পথে তার মোকাবিলা করা হবে। আমরা বিষয়টি নিয়ে নজরদারি চালাব।
সম্পর্কিত সংবাদ