সংবাদদাতা, লালবাগ: জোর করে অন্যের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। নিজের জমি দখলে রাখতে গিয়ে তৃণমূল নেতা ও তাঁর দলবলের হাতে জখম হলেন দুই ভাই। গ্রামবাসীরা দু’জনকে উদ্ধার করে প্রথমে কানাপুকুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। পরবর্তীতে তাঁদের অবস্থার অবনতি হলে লালবাগ মহকুমা হাসপাতালে রেফার করা হয়। বুধবার দুপুরে ভগবানগোলা থানার কুঠিরামপুরের ঘটনায় উত্তেজনা ছড়ায়। ভগবানগোলা থানার এক আধিকারিক বলেন, ওই ঘটনায় থানায় কোনও অভিযোগ হয়নি। অভিযোগ পেলে ঘটনার তদন্ত করা হবে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুঠিরামপুরের বাসিন্দা দিলীপ চৌধুরী ও বিজয় চৌধুরীর পশ্চিম রামপুর মৌজায় দু’শতক চাষের জমি রয়েছে। ওই জমির ঠিক পিছনেই কয়েক বিঘা জমি কিনেছেন জেলা পরিষদের নির্বাচিত সদস্য তসলিমা বিবির স্বামী মুরসেলিম শেখ ও তাঁর লোকজন। অভিযোগ প্রোমোটারির উদ্দেশ্যে কেনা ওই জমিতে যাওয়ার জন্য চৌধুরী পরিবারের চাষের দু’শতক জমিতে চোখ পড়ে তৃণমূল নেতার। ওই জমি হাতাতে নানা রকমভাবে চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। এবিষয়ে থানায় অভিযোগ করা হয় বলে জখমের পরিবার দাবি করেছে। এদিন মুরসেলিমের নেতৃত্বে একদল লেঠেল ওই জমি দখল নিতে হাজির হয়। তাতে বাধা দেন জমির মালিক দিলীপ ও বিজয়। দুষ্কৃতীরা দুই ভাইয়ের উপর চড়াও হয়। লাঠির আঘাতে মাথা ফাটে বিজয়ের, গুরুতর জখম হন দিলীপও।
দিলীপ বলেন, প্রোমোটার তৃণমূল নেতা আমাদের সামান্য এক টুকরো জমি জোর করে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা এখন অসহায়। মুরসেলিম বলেন, এসব ভিত্তিহীন কথা। আমি সারাদিন বাড়িতে ছিলাম না। আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। পুলিস তদন্ত করলে আসল রহস্য বেরিয়ে আসবে।
ভগবানগোলা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আহসানুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। তবে ওই এলাকাতেই একটি সরকারি জমি নিয়ে বেশ কিছু দিন ধরে বিবাদ চলছে।