Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জমি বিবাদে সংঘর্ষের ভিডিও ভাইরাল, কোতুলপুরে ধৃত ১

জমি বিবাদে সংঘর্ষের ভিডিও ভাইরাল, কোতুলপুরে ধৃত ১
  • ২৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: ধান কাটার পর আলু চাষের জন্য জমি তৈরির কাজ চলছিল। সেসময় জমির দখল নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। শুক্রবার বিকেলে কোতুলপুরের মহেশপুরে মাঠের মধ্যে দুই পরিবারের পুরুষ ও মহিলাদের লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষের ছবি ভাইরাল হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ওইদিন রাতেই পুলিস সাহেব আলি খাঁ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, জমি বিবাদের জেরে মারধরের অভিযোগে মহেশপুরের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
কোতুলপুরের মহেশপুরে ৩৫শতক জমি নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে বহুদিন ধরে বিবাদ চলছিল। শুক্রবার বিকেলে একপক্ষ জমিতে চাষ করতে গেলে অপরপক্ষ বাধা দেয়। এরপর দু’পক্ষই লাঠি ও কোদাল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মাঠে প্রকাশ্যে সংঘর্ষ চলতে থাকায় পাশের রাস্তা দিয়ে যাতায়াতকারীরা অনেকেই সেই ঘটনা ক্যামেরাবন্দি করেন। মারপিটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই সংঘর্ষে কয়েকজন জখম হয়েছেন। কোতুলপুর গ্রামীণ হাসপাতালে তাঁদের চিকিৎসা করানো হয়। পরে দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে কোতুলপুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে সাহেব আলি খাঁকে গ্রেপ্তার করে।
সম্পর্কিত সংবাদ