সংবাদদাতা, পতিরাম: জমি বিবাদের জেরে প্রতিবেশীর হাতে আক্রান্ত এক পরিবার। বাঁশ দিয়ে ওই পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। কয়েকজনের মাথা ফেটেছে এবং হাত ভেঙেছে বলে দাবি। এই ঘটনায় সোমবার উত্তেজনা ছড়ায় পতিরাম থানার বোল্লার চকপাড়া এলাকায়। গুরুতর জখম হয়ে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি চার জন। একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতাল থেকে রেফার করা হয়েছে। থানায় অভিযোগ দায়ের হতেই অভিযুক্ত পরিবারের তিনজনকে গ্রেপ্তার করে পুলিস। পুলিস সূত্রে খবর, বোল্লার চকপাড়া গ্রামে ওই দুই পরিবারের মধ্যে একটি পুকুরের রাস্তা নিয়ে বিবাদ বাধে। অভিযুক্ত পরিবারের সদস্যরা ওই রাস্তায় বেড়া দিয়ে দেয়। প্রতিবাদ করতে গেলে প্রথমে আক্রান্ত পরিবারের বড় ছেলের মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হয়। এরপর বাবা আটকাতে গেলে তাঁর মাথাতেও বাঁশ দিয়ে মারা হয়। পরে ওই আক্রান্ত ব্যক্তির স্ত্রী ও মাকেও বেধড়ক মারধর করেছে অভিযুক্তরা। প্রত্যেকের মাথাতেই সেলাই পড়েছে। গুরুতর জখম অবস্থায় পাঁচজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এনিয়ে আক্রান্ত এক মহিলা পতিরাম থানায় অভিযোগ করেন। এবিষয়ে আক্রান্ত পরিবারের ছোট বউমা বলেন, আমার ভাশুর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সবার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। শ্বশুরের হাত ভেঙেছে। আমার শ্লীলতাহানি করা হয়। পতিরাম থানার পুলিস জানিয়েছে, তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন পলাতক।



