নাসিক: জালিয়াতি মামলায় দু’বছরের কারাদণ্ড মহারাষ্ট্রের কৃষিমন্ত্রী মানিকরাও কোকাটের। সেই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানাও করেছে নাসিকের জেলা ও দায়রা আদালত। জানা গিয়েছে, ৩০ বছর আগে জালিয়াতি ও ভুয়ো তথ্য জমা দিয়ে সরকারি ফ্ল্যাট পাওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই মামলাতেই দেবেন্দ্র ফড়নবিশ মন্ত্রিসভার এই সদস্যকে জেল ও জরিমানার সাজা দিয়েছে আদালত। যদিও এদিন জামিনও মিলেছে বলে জানিয়েছেন মানিকরাও।
Advertisement
বৃহস্পতিবার নাসিকের জেলা ও দায়রা আদালত একই মামলায় মন্ত্রীর ভাই সুনীলকেও দোষী সাব্যস্ত করেছে। তাঁকেও ৫০ হাজারের জরিমানা করেছেন বিচারক। এই মামলার অন্য দুই অভিযুক্তকে বেকসুর খালাস করে দিয়েছে কোর্ট। তথ্যাভিজ্ঞ মহলের মতে, যত দ্রুত সম্ভব হাইকোর্ট থেকে রক্ষাকবচ নিতে হবে এনসিপি নেতা তথা কৃষিমন্ত্রীকে। অন্যথায় তাঁর বিধায়ক পদ খারিজ হয়ে যেতে পারে।



