সংবাদদাতা, তেহট্ট: প্রায় দেড়বছর হয়ে গেলেও সিকিউরিটি ডিপোজিট ও আরনেস্ট মানি ফেরত দেওয়া হচ্ছে না। তেহট্ট-১ ব্লকের নাটনা পঞ্চায়েতের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন ঠিকাদাররা। তাঁরা এনিয়ে বিডিও ও জেলাশাসককে লিখিত অভিযোগ জানিয়েছেন। যদিও নাটনা পঞ্চায়েত কর্তৃপক্ষ জানিয়েছে, ধীরে ধীরে টাকা দেওয়া শুরু হবে। বিডিও সঞ্জীব সেন বলেন, এবিষয়ে খোঁজ নিয়ে দেখা হচ্ছে। ঠিকাদাররা জানান, বিভিন্ন কাজের জন্য পঞ্চায়েত দরপত্র আহ্বান করে। সেই দরপত্রে অংশ নিতে গেলে কাজের জন্য যে পরিমাণ টাকা বরাদ্দ হয়, তার দু’শতাংশ আরনেস্ট মানি হিসেবে জমা দিতে হয়। এই টাকা কাজ শেষের পর ফেরত দেওয়া হয়। আবার কাজ শেষের পর বিলের সময় অনুমোদিত টাকার ১০শতাংশ সিকিউরিটি ডিপোজিট হিসেবে জমা রাখতে হয়। ওই কাজ একবছর ঠিকঠাক থাকলে ঠিকাদার সেই টাকা ফেরত পান। কিন্তু কাজ শেষ হওয়ার দেড়বছর পরও আরনেস্ট মানি ও সিকিউরিটি ডিপোজিট ফেরত দিচ্ছে না নাটনা পঞ্চায়েত। এবিষয়ে পঞ্চায়েতের নির্মাণ সহায়ক অলোক দে বলেন, আস্তে আস্তে টাকা ফেরত দেওয়া হবে।



