Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জলাশয়ের পাড়ে জুতো, যুবতীর খোঁজ না মেলায় রহস্য ইটাহারে

জলাশয়ের পাড়ে জুতো, যুবতীর খোঁজ না মেলায় রহস্য ইটাহারে
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ইটাহার: জলাশয়ের পাড়ে জুতো মিললেও রহস্যজনকভাবে নিখোঁজ যুবতী। দীর্ঘক্ষণ পরেও ডুবুরি না আসায় প্রশাসনের ভূমিকায় প্রশ্ন যুবতীর পরিজনের। প্রতিবাদে ৪৫ মিনিট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরবর্তীতে ডুবুরি ও বোট নামিয়ে চলে উদ্ধার কাজ। কিন্তু প্রায় সাত ঘণ্টা তল্লাশি চালিয়েও যুবতীর হদিশ পাওয়া যায়নি। মঙ্গলবার এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ইটাহারের ঘেরা এলাকায়। নিখোঁজ যুবতীর নাম নাসিমা খাতুন (২১)। বাড়ি কাপাশিয়া মধ্যপাড়া এলাকায়। 
Advertisement
যুবতীর পরিজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাসিমা কলেজ পাশ করে বাড়িতে শিশুদের টিউশন পড়াতেন। 
সকালে খাওয়ার পর বাবা মজিবুর রহমানকে বলে জমিতে শাক তুলতে যাবেন। এরপর বাড়ি থেকে বেরিয়ে যান ওই যুবতী। কিছুক্ষণ পর ইটাহার-চাঁচল রাজ্য সড়ক লাগোয়া ঘেরা ভাঙা ব্রিজের নীচের জলাশয়ের পাড়ে বসে থাকতে দেখা গিয়েছিল তাঁকে। তারপর থেকে নিখোঁজ নাসিমা। পাড়ে প্রত্যক্ষদর্শীরা এক জোড়া জুতো, টাকা এবং একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। এতেই সন্দেহ হয় নাসিমা হয়তো জলাশয়ে ডুবে গিয়েছে। যুবতীর বাবা মজিবুর বলেন, সারাদিন খোঁজাখুঁজির পরেও মেয়েটাকে পাওয়া গেল না। জানি না কী হয়েছে।
বিক্ষোভকারী বাসিন্দা খোস মহম্মদ জানান, মেয়েটি নিখোঁজের পর চার ঘণ্টা পেরিয়ে গেলেও প্রশাসন উদাসীন ছিল বলে আমরা বিক্ষোভ দেখিয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহারের আইসি সুকুমার ঘোষ। পুলিস জানিয়েছে, প্রাথমিক ভাবে মনে হচ্ছে মেয়েটি জলে ডুবে গিয়েছে। কারণ জলাশয়ের পাড়ে তার জুতো রাখা ছিল। পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ