সংবাদদাতা, মেদিনীপুর: জলস্বপ্ন প্রকল্পের কাজ খতিয়ে দেখতে শনিবার খড়্গপুর গ্রামীণের রিশাই গ্রাম পরিদর্শন করেন জেলাশাসক খুরশিদ আলি কাদেরি ও পুলিস সুপার ধৃতিমান সরকার। তাঁদের সঙ্গে ছিলেন প্রশাসনিক ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা। জেলাশাসক স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। জলস্বপ্নের পাশাপাশি আদিবাসী অধ্যুষিত গ্রামের বাসিন্দারা কন্যাশ্রী, রেশন, মিড ডে মিল সহ সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা ঠিক মতো পাচ্ছেন কি না তার খোঁজ নেন। জলের গুণমান নিরীক্ষণ করে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে এই গ্রামকে ‘পরিপূর্ণ’ গ্রাম হিসেবে ঘোষণা করার জন্য জেলাশাসক জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে নির্দেশ দেন।



