Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জলস্বপ্ন প্রকল্পে প্রত্যেক বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে কাজ শুরু

জলস্বপ্ন প্রকল্পে প্রত্যেক বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে কাজ শুরু
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দেওয়ানহাট: জলস্বপ্ন প্রকল্পে গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য দিনহাটার মাতালহাট গ্রাম পঞ্চায়েতে জোরকদমে চলছে রিজার্ভার ও পাইপ লাইন বসানোর কাজ। ওই এলাকায় এই প্রথম বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে পরিস্রুত পানীয় জল মিলবে। এই কাজে খুশি গ্রামবাসীরা। 
Advertisement
মাতালহাট গ্রাম পঞ্চায়েতের বাইশগুড়ি, বাজেজামা-পাখিহাগা, ভলকা ও ভূতকুড়া এই চার এলাকায় চারটি রিজার্ভার তৈরি করা হচ্ছে। আগামী বছরের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ হবে। এতে মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রায় ৩৩ হাজার মানুষ বাড়িতেই পরিস্রুত পানীয় জল পাবে। এর জন্য প্রায় ৯ কোটি টাকা খরচ হবে বলে পঞ্চায়েত অফিস সূত্রে জানা গিয়েছে। 
জনস্বাস্থ্য কারিগরি দপ্তর থেকে জানানো হয়েছে, চলতি অর্থবর্ষে কোচবিহার জেলায় ২ লক্ষ পরিবারকে পরিস্রুত পানীয় জলের সংযোগ দেওয়া হবে। এর জন্য ৩০০ কোটি টাকা খরচ হবে। ইতিমধ্যেই এক লক্ষাধিক পরিবারে পানীয় জলের সংযোগ দেওয়া হয়ে গিয়েছে। পিএইচই’র এই প্রকল্পের কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। কমল রায়, বাপ্পা বর্মন, সারথীবালা বর্মন প্রমুখ বলেন, আমরা টিউবওয়েলের জল খাচ্ছি। বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল দেওয়ার জন্য পাইপ লাইন বসানো হচ্ছে গ্রামে। বাড়িতেই যদি পানীয় জল আসে তবে এর থেকে ভালো আর কী হতে পারে। পরিস্রুত জল খেলে আশা করি, পেটের রোগ কমবে। 
মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মানবেন্দ্র রায় বলেন, আমাদের অঞ্চলটি অনেক বড়। এখানে রাজ্য সরকারের জলস্বপ্ন প্রকল্পে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের জন্য কাজ শুরু হয়েছে। পাইপ লাইন বসানোর কাজও চলছে। রিজার্ভারও তৈরি হচ্ছে। কাজ শেষ হলে স্থানীয় মানুষের আর পানীয় জলের সমস্যা থাকবে না।
সম্পর্কিত সংবাদ