সংবাদদাতা, রামপুরহাট : তীব্র পানীয় জলের সঙ্কটের মধ্যে পড়েছেন মুরারই ১ ব্লকের ডুমুরগ্রাম পঞ্চায়েতের ধনঞ্জয়পুরের মসজিদ পাড়ার বাসিন্দারা। অভিযোগ, দশদিন ধরে এলাকার একমাত্র পানীয় জলের উৎস টিউবওয়েল অকেজো হয়ে রয়েছে। পঞ্চায়েতকে জানানো হলেও সারানোর নামগন্ধ নেই। এদিকে এক সপ্তাহ পর রমজান মাস শুরু হচ্ছে। তখন কষ্ট আরও বাড়বে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মসজিদ পাড়ায় একশোর বেশি বাসিন্দাদের বসবাস। রয়েছে একটি মাত্র টিউবওয়েল। লাইন দিয়ে পানীয় জল সংগ্রহ করতে হয় এলাকার মানুষকে। তার উপরে দশদিন ধরে সেই টিউবওয়েল নষ্ট হয়ে পড়ে আছে। নির্দল প্রার্থী হয়ে জেতার পরপরই তৃণমূলে যোগ দেওয়া এলাকার পঞ্চায়েত সদস্য পিঙ্কি বিবির স্বামী লিটন হোসেন বলেন, দু-দুবার পঞ্চায়েতকে জানানো হয়েছে। কিন্তু টিউবওয়েল মেরামত করা হয়নি। বিকল্প হিসাবে জলের ট্যাঙ্কারও পাঠানো হয়নি। বাধ্য হয়ে দূরবর্তী মালপাড়ার টিউরওয়েল থেকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পানীয় জল সংগ্রহ করে আনতে হচ্ছে। সামনের সপ্তাহে রমজান মাস শুরু হচ্ছে। মানুষজন সারাদিন উপোস থেকে দূরের এলাকা থেকে জল সংগ্রহ করে আনার ক্ষেত্রে আরও কষ্টের সম্মুখীন হবেন। কিন্তু টিউবওয়েলটি মেরামতের কোনরকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। প্রবীন বাসিন্দারা বলেন, এলাকায় অনেকে যুবক রয়েছেন যাদের একটা অংশ ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। বাড়িতে বয়স্ক বাবা মা রয়েছেন। সেই বয়স্কদেরও দূরবর্তী এলাকা থেকে জল সংগ্রহ করে আনতে হচ্ছে।যদিও পঞ্চায়েতের প্রধান জিন্নাতারা মুস্তাফিজের স্বামী টনিক শেখ বলেন, টিউবওয়েল খারাপের বিষয়টি জানা ছিল না। পঞ্চায়েতকে লিখিতভাবে জানানো হয়নি। সোমবারই সেটি সারিয়ে তোলা হবে।



