সংবাদদাতা, কুমারগ্রাম: আলিপুরদুয়ার জেলার সব স্কুলে এখনও মিড-ডে মিলের ডাইনিং শেড তৈরি হয়নি। বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে এমন তথ্যই উঠে এল। জেলার কতগুলি স্কুলে মিড-ডে মিলের ডাইনিং শেড হয়েছে, তা নিয়ে মঙ্গলবার বিধানসভায় প্রশ্ন তোলেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজকুমার ওরাওঁ। বিধায়ক বলেন, আলিপুরদুয়ার জেলার কতগুলি স্কুলে মিড ডে মিলের ডাইনিং শেড করা হয়েছে, কতগুলি স্কুলে এখনও ডাইনিং শেড তৈরি হয়নি, এই বিষয়ে বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আমি প্রশ্ন করি। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আমার প্রশ্নের জবাবে জানিয়েছেন, জেলার প্রায় ২ শতাধিক স্কুলে ডাইনিং শেড তৈরি হয়েছে। ৫ শতাধিক স্কুলে এখনও পর্যন্ত ডাইনিং শেড তৈরি হয়নি। মন্ত্রী আমায় আশ্বস্ত করেছেন, শীঘ্রই বাকি স্কুল গুলিতেও ডাইনিং শেড তৈরির কাজ শুরু হবে।
Advertisement
বিধায়ক বলেন, আলিপুরদুয়ার জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে বা মাঠে বসে মিড-ডে মিল খাচ্ছে, এই দৃশ্য প্রায়ই দেখা যায়। তাই ছাত্রছাত্রীদের স্বার্থে সব স্কুলেই ডাইনিং শেড তৈরি হোক। এই দাবি বিধানসভায় তুলে ধরেছি।



