Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জলের রিজার্ভার বিকল, পথবাতি, বেহাল রাস্তা নিয়ে বাড়ছে ক্ষোভ

জলের রিজার্ভার বিকল, পথবাতি, বেহাল রাস্তা নিয়ে বাড়ছে ক্ষোভ
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: হরিরামপুর ব্লকের পানীয় জলের রিজার্ভার বিকল। পথবাতি, বেহাল রাস্তা নিয়েও স্থানীয়দের মধ্যে বাড়ছে ক্ষোভ। ২০২১ -২২ আর্থিক বছরে ব্লক চত্বরে সৌরবিদ্যুত্ চালিত পানীয় জলের রিজার্ভার তৈরি করে পঞ্চায়েত সমিতি। তৈরির পরেই সেটি খারাপ হয়ে যায়। মেরামতের কোনও হেলদোল নেই ব্লক প্রশাসনের। সাধারণ মানুষ ব্লকে এসে জল পাচ্ছেন না। বাইরে থেকে জল কিনে খেতে হচ্ছে। সার্বিকভাবে হরিরামপুর ব্লকের উন্নয়নমূলক কাজ নিয়ে দীর্ঘদিন থেকেই ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। হরিরামপুর সদর এলাকার পথবাতিও বন্ধ হয়ে পড়ে রয়েছে। পথবাতি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে পঞ্চায়েত সমিতি। হরিরামপুর সদর এলাকায় হরিরামপুর চৌপথী থেকে রামকৃষ্ণপুর, হরিরামপুর হাসপাতাল পাড়া, পূর্বপল্লি, হাটখোলা রাস্তার কঙ্কালসার অবস্থা পুজোর আগে থেকে।
Advertisement
যেসব নিকাশি রয়েছে তা দীর্ঘদিন থেকে সংস্কার হয় না বলে অভিযোগ। ফোন না তোলায় হরিরামপুরের বিডিও অত্রি চক্রবর্তীর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রিজার্ভার প্রসঙ্গে হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ নুনিয়া বলেন, রিজার্ভার মেরামত না করায় ঠিকাদারের বিল আটকে রাখা হয়েছে। ঠিক করে দিলে আমরা বিল মিটিয়ে দেব। স্থানীয় বাসিন্দা সুব্রত রায় বলেন, হরিরামপুর সদরজুড়ে পথবাতি থাকলেও তা খারাপ। হাসপাতাল ও চৌপথি এলাকায় উচ্চবাতিস্তম্ভ খারাপ হয়ে রয়েছে। হরিরামপুর সদর এলাকার সমস্ত পাড়ার রাস্তা বেহাল। নিকাশিনালায় আবর্জনা জমে রয়েছে। পঞ্চায়েত সমিতির সভাপতি জানান, পথবাতি ঠিক করার জন্য আমরা শীঘ্রই ২ লক্ষ টাকার টেন্ডার করব। হরিরামপুর সদর এলাকার রাস্তা জেলা পরিষদের। আমরা করতে পারব না। এবিষয়ে জেলা পরিষদকে জানানো হয়েছে।
( হরিরামপুর ব্লকে বিকল জলের রিজার্ভার।-নিজস্ব চিত্র)
সম্পর্কিত সংবাদ