Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জলের অপচয় রুখতে রাজ্যে চালু হল হোয়াটসঅ্যাপ নম্বর

জলের অপচয় রুখতে রাজ্যে চালু হল হোয়াটসঅ্যাপ নম্বর
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ নিশ্চিত করতে বহু কোটি টাকা খরচ করছে রাজ্য সরকার। তবে অনেক জায়গায় এই জল বেআইনিভাবে ব্যবসায়িক কাজেও লাগানো হচ্ছে। কিছু স্থানে এই জল বোতল বন্দি করে বিক্রি করা হচ্ছে চড়া দামে। তার ফলে বাড়িতে জলের সংযোগ পৌঁছলেও অনেক জায়গাতেই পর্যাপ্ত জল পাচ্ছে না প্রকৃত গ্রাহক। এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে রাজ্যজুড়ে প্রায় ২০ হাজার জায়গায় এই প্রকল্পের জল ব্যবসায়িক কাজে লাগানোর ঘটনা ধরা পড়েছে। তার প্রেক্ষিতে করা হয়েছে ৪০৭টি এফআইআর। বুধবার বিধানসভায় জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) মন্ত্রী পুলক রায় জানান, এই অভিযান চলবে। একইসঙ্গে পানীয় জলের অপচয় রুখতে রাজ্য সরকার দুটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করছে। আম জনতার কাছে তাঁর আবেদন, কোথাও  জলের অপচয়ের ঘটনা চোখে পড়লেই হোয়াটসঅ্যাপ করে অভিযোগ ৮৯০২০২২২২২ বা ৮৯০২০৬৬৬৬৬ নম্বরে জানান। পিএইচই দপ্তর তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে। 
Advertisement
উল্লেখ্য, সর্বাধিক অভিযোগ এসেছে পূর্ব মেদিনীপুর (৩৮৯৩), দক্ষিণ ২৪ পরগনা (৩৮৭৯) এবং উত্তর ২৪ পরগনা (৩০৩১) থেকে। এই জল ব্যবহার করেই হ্যাচারি, নার্সারি, আইসক্রিম কারখানা, গ্যারাজ, হোটেল, নির্মাণ কাজ প্রভৃতি চালানোর বহু ঘটনা ধরা পড়েছে। তবে সবচেয়ে কম অভিযোগ এসেছে জলপাইগুড়ি ও দার্জিলিং থেকে। ওই দুই জেলায় জল অপচয়ের কিছু ঘটনা অবশ্য নজরে এসেছে। 
এদিন প্রশ্নোত্তর পর্বেই, পানীয় জল অপচয়ে বন্ধে বিধায়কদের কাছে নজরদারির আবেদনও রাখলেন পিএইচই মন্ত্রী। তিনি বলেন, জল অপচয় বন্ধ করতে রাজ্য সরকার সচেষ্ট। মুখ্যমন্ত্রী নিজে প্রতিনিয়ত এই বিষয়ে নজর রাখেন। 
প্রসঙ্গত, সোমবার এই প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মোট ১ কোটি ৭৫ লক্ষ বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন তিনি। এখনও পর্যন্ত কল বসেছে ৯৪ লক্ষাধিক বাড়িতে। এই পরিস্থিতিতে পিএইচই দপ্তরে আরও ইঞ্জিনিয়ার নিয়োগ প্রয়োজন বলে বৈঠকে জানানো হয়। সিদ্ধান্ত হয়, পূর্তদপ্তর (পিডব্লুডি) তাদের ইঞ্জিনিয়ার দিয়ে পিএইচই’কে সাহায্য করবে। ইতিমধ্যে, পিডব্লুডির ২১ জন ইঞ্জিনিয়ারকে এই কাজে লাগানোর সিদ্ধান্ত হয়েছে। 
সম্পর্কিত সংবাদ