সংবাদদাতা, তেহট্ট: জলের লাইনে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের পাইপ। ফলে পাম্প চলার সঙ্গে সঙ্গে পাইপ ফেটে এলাকা জলমগ্ন হচ্ছে। এই অভিযোগে পলাশীপাড়া থানার সাহেবনগর গ্রাম পঞ্চায়েতের বড় নলদহ কলোনির বাসিন্দারা গ্রাম সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। বৃহস্পতিবার প্রায় ত্রিশ মিনিট অবরোধ বিক্ষোভ চলার পর পিএইচই দপ্তরের পাম্প অপারেটর এসে বিষয়টি ঠিকাদারকে বলার আশ্বাস দিলে অবরোধ ওঠে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বড় নলদহের বাসিন্দারা পানীয় জলের সমস্যায় ভুগছিলেন। জলস্বপ্ন প্রকল্পের কাজ শুরু হওয়ায় তাঁরা খুশি হয়েছিলেন। বেশ কয়েকদিন থেকে কলোনি এলাকায় জলের পাইপ বসানো হচ্ছিল। এদিন সকালে পাম্প চালানোর সঙ্গে সঙ্গে পাইপ ফেটে এলাকা জলমগ্ন হয়ে যায়। উত্তেজিত বাসিন্দারা গ্রামীণ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পঞ্চায়েত সদস্য হাবিবুর রহমান বলেন, মানুষ নিজের জমি দিয়েছে এই কাজের জন্য। এত নিম্নমানের পাইপ দিয়েছে ঠিকাদার যে, জলের চাপ নিতে না পেরে সেই পাইপ ফেটে গিয়েছ। আমাদের দাবি, এই পাইপ বদলে ভালো পাইপ দিতে হবে। পাম্প অপারেটর শাহ আলম শেখ বলে, গ্রামবাসীদের কথা শুনে আমি ঠিকাদারকে বিষয়টি জানিয়েছি।



