Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জেলার গ্রামাঞ্চলে শুরু আবাসের সার্ভে, ডিসেম্বরের শেষাশেষি মিলবে প্রথম কিস্তি

জেলার গ্রামাঞ্চলে শুরু আবাসের সার্ভে, ডিসেম্বরের শেষাশেষি মিলবে প্রথম কিস্তি
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: উপনির্বাচন মিটতেই পশ্চিম মেদিনীপুর জেলার গ্রামীণ এলাকায় শুরু হল আবাসের সার্ভে। ২০২১-›২২ সালে তৈরি হওয়া উপভোক্তার তালিকা ধরে জেলায় ৩ লক্ষ ৮ হাজার ৪৬৪টি বাড়িতে সার্ভে করবে প্রশাসন। সার্ভের জন্য জেলায় মোট ১ হাজার ৩০০টি টিম তৈরি হয়েছে। স্বচ্ছতা রাখতেই ফের সার্ভে করা হচ্ছে। প্রশাসনের এক আধিকারিক বলেন, বিভিন্ন স্তরে হবে সার্ভে। সার্ভেতে অসঙ্গতি দেখা গেলে তালিকা থেকে বাদ যাবে নাম। বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভেরিফিকেশন করা হবে। উপভক্তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কেও তথ্য নেবে সার্ভে টিম। 
Advertisement
এদিন জেলাশাসক খুরশিদ আলি কাদরি বলেন, ৫ ডিসেম্বরের মধ্যে সার্ভে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। আগে যে লিস্ট তৈরি হয়েছিল, সেই লিস্ট ধরে সার্ভে হবে। প্রশাসনের আধিকারিকরা ছাড়াও পুলিসও সহযোগিতা করবে। সমস্ত প্রক্রিয়া ধাপে ধাপে শেষ হওয়ার পর নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে বাড়ি তৈরির টাকা পাবেন উপভোক্তরা। 
রাজ্য সরকারের লক্ষ্য সকলের জন্য স্থায়ী বাসস্থান। তাই রাজ্য সরকার দ্রুত গৃহহীনদের সমস্যার সমাধান করতে চাইছে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রশাসনিক বৈঠক থেকে এই প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন। সম্পূর্ণ কাজটি যাতে স্বচ্ছতার সঙ্গে করা হয় সেদিকেও নজর দিতে বলা হয়েছে। অর্থাৎ প্রকৃত গরিব মানুষই যাতে এই প্রকল্পের সুবিধা পান, তা নিশ্চিত করতে উপভোক্তাদের তালিকা ভালোভাবে দেখতে বলা হয়েছে।  জানা গিয়েছে, জেলায় লক্ষাধিক পরিবার বাড়ি পায়নি। শুধু কেশপুর ব্লকেই ২৫ হাজারের বেশি মানুষ বাড়ি না পাওয়ায় ক্ষুব্ধ। মূলত কেন্দ্রীয় সরকার আবাস যোজনা প্রকল্পের টাকা আটকে দেওয়ায় সমস্যা দেখা দিয়েছে। বন্যা পরিস্থিতির সময়ে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয়েছে। 
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকেই বিভিন্ন এলাকায় সার্ভের কাজ শুরু হয়েছে। ৫ ডিসেম্বর পর্যন্ত তা চলবে। ৭ ডিসেম্বরের মধ্যে তৈরি হবে উপভোক্তার লিস্ট। ৮ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে সেই লিস্ট সরকারি বিভিন্ন অফিস ও ওয়েবসাইটে প্রদর্শন করা হবে। এই গোটা প্রক্রিয়ায় গ্রামসভার সহযোগিতা নেওয়া হবে বলে জানা গিয়েছে। গ্রামসভার তরফে অনুমোদন দিতে হবে ১৫ ডিসেম্বরের মধ্যে। ১৬ ডিসেম্বরের মধ্যে ব্লকস্তরের কমিটির তরফে অনুমোদন নেওয়ার নির্দেশিকা দেওয়া হয়েছে। পাশাপাশি ১৭ ডিসেম্বরের মধ্যে জেলাস্তরীয় কমিটি অনুমোদন দেবে। ১৮ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে ফের ভেরিফিকেশন হবে ইউডিআইএনের মাধ্যমে। এরপর ২১ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে উপভোক্তারা বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা পাবেন। 
প্রশাসনের এক আধিকারিক বলেন, সুপারভাইজারি চেকিংও করা হবে। প্রতিটি পরিবারের সম্পর্কে খুঁটিনাটি তথ্য সংগ্রহ করবে সার্ভে টিম। স্বজনপোষণ না হয়, সেদিকে নজর দিতে বলা হয়েছে। তবে শহর এলাকায় এই সার্ভের কাজ হবে না। কেশপুর ব্লকের বাসিন্দা শ্যামসুন্দর মণ্ডল বলেন, খুব ভালো পদক্ষেপ। আশা করছি এবার বাড়ি পাব।
সম্পর্কিত সংবাদ