Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জেলের বাইরে সাদ্দাম, ফিরবে না তো ‘জঙ্গলরাজ’? আশঙ্কা কাটোয়ায়

জেলের বাইরে সাদ্দাম, ফিরবে না তো ‘জঙ্গলরাজ’? আশঙ্কা কাটোয়ায়
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান ও সংবাদদাতা, কাটোয়া: কাটোয়ার ‘ডন’ জঙ্গল শেখ আগেই জামিন পেয়েছে। এখন সে জেলের বাইরে। এবার জামিন পেল তার ছেলে সাদ্দাম শেখ। ব্যবসায়ীকে ফোন করে তোলাবাজির মামলায় শুক্রবার কাটোয়া এসিজেএম আদালত থেকে সে জামিন পায়। সাদ্দাম জামিন পেতেই কাটোয়ায় অনেকেরই ঘুম উবে গিয়েছে। সাদ্দামের জেলযাত্রা এই প্রথম নয়। আগেও সে শ্রীঘরে গিয়েছিল। পরে জামিনও পায়। তবে বেশিদিন জেলের বাইরে থাকতে পারেনি। আবার তাকে জেলে ফিরতে হয়েছিল। এবার কী হবে, তা নিয়েও অনেকে সংশয়ে রয়েছেন। তবে সাময়িক স্বস্তির বিষয়, সে আপাতত কাটোয়ায় ঢুকতে পারবে না। তার আইনজীবী তরুণকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, অন্য মামলাগুলিতে সাদ্দাম আগেই জামিন পেয়েছিল। এবার তোলাবাজির মামলাতেও জামিন পেল। আদালতের নির্দেশে সে এখন কাটোয়া মহকুমা এলাকায় ঢুকতে পারবে না। 
Advertisement
কাটোয়া শহরের ১৩নম্বর ওয়ার্ডের কেশিয়া এলাকায় সাদ্দাম, জঙ্গল শেখ’দের প্রাসাদোপম তিনতলা বাড়ি। স্থানীয় বাসিন্দারা বলেন, ‘বাপ-বেটা’ কতটা ভয়ানক হতে পারে, তা কাটোয়ার বাসিন্দারা অতীতে চাক্ষুষ করেছেন। ২০১৫ সালে পুরসভা নির্বাচনে ‘জঙ্গলরাজ’ দেখে পুরো জেলা তাজ্জব বনে গিয়েছিল। তারা পুরনো রাস্তায় ফিরলে, আবার ভাগীরথীর পাড়ে অশান্তির আগুন জ্বলবে বলে অনেকেই আশঙ্কা করছেন। বেশ কয়েক বছর ধরে বাবা-ছেলে খুন, অস্ত্র মামলা ও তোলাবাজি সহ একাধিক মামলায় অভিযুক্ত হয়ে জেলবন্দি ছিল। কয়েক মাস আগেই জঙ্গল জামিন পেয়েছে। ২০১৬ সালের ১ অক্টোবর খাজুরডিহির বাসিন্দা সাবির শেখ খুন হন। সেই  মামলায় গ্রেপ্তার হয় বাপ-বেটা। ২০২৩ সালের ১০ মে ওই মামলায় জঙ্গল ও সাদ্দাম সহ ২০জন বেকসুর খালাস পায়।
সাদ্দামের বিরুদ্ধে ২২টি মামলা ছিল। ২০২৩ সালের ৫ সেপ্টেম্বর বাঁকুড়া সংশোধনাগার থেকে সাদ্দাম জামিন পায়। সেই সময় তার গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়। কোনওরকমে প্রাণে বাঁচে সাদ্দাম। পরে সে তার স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়। সেই বছরের ২৬ সেপ্টেম্বর বর্ধমান জেলা পুলিস তাকে দিল্লি থেকে গ্রেপ্তার করে আনে।
কাটোয়া শহরের সার্কাস ময়দানের এক ব্যবসায়ী অভিযোগ করেন, তাঁর কাছে নাকি সাদ্দাম তোলা চেয়ে জেল থেকে ফোন করে। সেই মামলায় নাম জড়ায় কাটোয়ার ভাইস চেয়ারম্যান লখিন্দর মণ্ডলের ভাগ্নেরও। ওই মামলায় এবার সাদ্দাম জামিন পেল। সেই খবর কাটোয়ায় ছড়িয়ে পড়তেই আবার চর্চায় ফিরেছে ‘বাপ-বেটা’র কাহিনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ