Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জলপাইগুড়িতে সৃষ্টিশ্রী মেলায় নজর কাড়ছে রঙিন মাছ, কালো নুনিয়া

জলপাইগুড়িতে সৃষ্টিশ্রী মেলায় নজর কাড়ছে রঙিন মাছ, কালো নুনিয়া
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সৃষ্টিশ্রী মেলায় নজর কাড়ছে রঙিন মাছ থেকে কালো নুনিয়া চাল। শনিবার থেকে জলপাইগুড়ির মিলন সঙ্ঘের মাঠে শুরু হওয়া জেলা সৃষ্টিশ্রী মেলায় মোট স্টল বসেছে ৬৭টি। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম থেকেও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা তাঁদের হাতে তৈরি সামগ্রী নিয়ে এসেছেন এই মেলায়। দক্ষিণ ২৪ পরগনার স্টলে নজর কাড়ছে শোলা দিয়ে তৈরি ফুল এবং গয়না। সোনাঝুড়ির হাটে যেসব সামগ্রী পাওয়া যায়, তার বেশিরভাগই মিলছে বীরভূমের স্টলে। জলপাইগুড়ির কোরকহোমের শিশু, কিশোরদের হাতে তৈরি ধূপকাঠি, পাখির বাসা, টেবিল ল্যাম্প সহ নানা সামগ্রী বিক্রি হচ্ছে মেলায়। 
Advertisement
ক্রান্তির স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা রামসাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় রঙিন মাছ চাষ করছেন। একইসঙ্গে তাঁরা চাষ করছেন সুগন্ধী কালো নুনিয়া ধান। সেই ধানের চাল বিক্রি হচ্ছে সরকারি এই মেলায়। তবে মেলায় প্রথম দু’দিনে বিক্রি নিয়ে কিছুটা আক্ষেপ শোনা গিয়েছে স্টলে বসা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মুখে। কয়েকটি স্টল এদিনও পুরোদমে সাজিয়ে বসতে পারেনি। কৃষিদপ্তর, বন ও পর্যটন দপ্তর, অঙ্গনওয়াড়ি বিভাগের তরফে স্টল দেওয়া হয়েছে। সেগুলি থেকে নানা বিষয়ে সচেতনতামূলক প্রচার চলছে।  নিজস্ব চিত্র।
সম্পর্কিত সংবাদ