Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জলপাইগুড়িতে ঢুকছে ‘জাল’ ওষুধ! সন্দেহ বিসিডিএ’র কর্তাদেরই

জলপাইগুড়িতে ঢুকছে ‘জাল’ ওষুধ! সন্দেহ বিসিডিএ’র কর্তাদেরই
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ‘জাল’ ওষুধ ঢুকছে জলপাইগুড়িতেও! সন্দেহ খোদ বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের কর্তাদের। এনিয়ে অবিলম্বে ড্রাগ কন্ট্রোল বিভাগ ও জেলা প্রশাসনের হস্তক্ষেপের পাশাপাশি অভিযানের আর্জি জানিয়েছেন তাঁরা। বিসিডিএ’র জলপাইগুড়ি সদর জোনের সম্পাদক সন্দীপ মিশ্র বলেন, কলকাতা, হাওড়ায় প্রচুর টাকার জাল ওষুধ ধরা পড়েছে। আগ্রা, বিহার, ঝাড়খণ্ড এমনকী কলকাতা থেকে গাড়ি ভর্তি করে ওষুধ ঢুকছে জলপাইগুড়িতে। সেসব ওষুধের গুণমান কী রয়েছে আমরা বুঝতে পারছি না। আমাদের এখানেও জাল ওষুধ ঢুকে পড়ছে কি না, তা নিয়ে এখন সন্দেহ হচ্ছে। ড্রাগ কন্ট্রোল বিভাগের কাছে আমরা আবেদন জানিয়েছি, তারা যেন বাজারে বিক্রি হওয়া ওষুধের গুণগত মান ভালোভাবে খতিয়ে দেখেন। 
Advertisement
বিসিডিএ’র জলপাইগুড়ি জেলা সম্পাদক প্রদ্যুৎ সাহা বলেন, কলকাতা, হাওড়ায় যে জাল ওষুধ ধরা পড়েছে, সেই ওষুধ কোথায় কোথায় সাপ্লাই হয়েছে সেটা দ্রুত জানা জরুরি। সেক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যাবে। বিষয়টি নিয়ে আমরা সত্যিই উদ্বিগ্ন। জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী বলেন, বিষয়টি ড্রাগ কন্ট্রোল বিভাগ দেখে। তারা অভিযান চালাচ্ছে বলে শুনেছি। বিস্তারিত জেনে বলতে পারব।
ড্রাগ কন্ট্রোল বিভাগের জলপাইগুড়ির ইন্সপেক্টর রাজিউল আলম বলেন, বিভিন্ন জায়গা থেকে ওষুধের নমুনা সংগ্রহ করে নিয়মিত পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। আমাদের কাছে জলপাইগুড়িতে জাল ওষুধ ঢোকা নিয়ে এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কোনও অভিযোগ নেই ঠিকই, কিন্তু তা বলে জাল ওষুধ যে বাজারে নেই, সেটাও নিশ্চিত বলা যায় না। আমরা আমাদের মতো করে অভিযান চালাচ্ছি।
সম্প্রতি কলকাতা ও হাওড়ায় জাল ওষুধের হদিশ মেলার পর থেকে তোলপাড় শুরু হয়েছে। অভিযোগ, একাধিক জায়গায় সক্রিয় জাল ওষুধের চক্র। হাওড়ায় যে জাল ওষুধ পাওয়া গিয়েছে, তার সিংহভাগ উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ। এতেই প্রশ্ন উঠেছে, প্রেশার, সুগার, কোলেস্টেরলের মতো অসুখে আমজনতা যেসব ওষুধ কিনে খাচ্ছে, তা আদৌও আসল তো? রোগ নিরাময়ের জন্য ওষুধ খেয়ে উল্টে শরীরের ক্ষতি হয়ে যাচ্ছে না তো? এমন আশঙ্কা মোটেই অমূলক নয়, বলছেন চিকিৎসকরা। তাঁদের মতে, জাল ওষুধের মধ্যে যেমন নিষ্ক্রিয় উপাদান থাকার সম্ভাবনা থাকে, তেমনই টক্সিক উপাদানও থাকতে পারে। যা থেকে আমাদের ক্ষতি হতে পারে হার্ট,কিডনির মতো শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ।
Advertisement
সম্পর্কিত সংবাদ