নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: শহরের ২নম্বর ওয়ার্ডে প্রায় ৩৫ বছর পর তৈরি হচ্ছে রাস্তা। পুরসভা ও এসজেডিএ’র উদ্যোগে ১ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে রাস্তাটি। ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার মহুয়া দত্ত বলেন, সেনপাড়া থেকে ধরধরা সেতু পর্যন্ত বিটুমিনের রাস্তা তৈরি হচ্ছে। আপার ভাটাখানার দিকেও কিছুটা রাস্তা বানানোর চেষ্টা চলছে। তাঁর দাবি, পুরসভার ২ নম্বর ওয়ার্ডে সেনপাড়ার রাস্তাটি ৩৫ বছর পর নতুন করে তৈরি হচ্ছে। এতদিন ওই রাস্তা দিয়ে বাসিন্দারা হাঁটাচলা করতে পারতেন না। রাস্তার মাঝে বড় বড় গর্ত তৈরি হয়েছিল। বর্ষায় ভোগান্তি চরমে উঠত। ফলে দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দারা ওই রাস্তা সংস্কারের দাবি তুলছিলেন। অবশেষে রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি তাঁরা। ওয়ার্ড কাউন্সিলারের দাবি, একসময় ২ নম্বর ওয়ার্ডে রাস্তা দিয়ে হাঁটা যেত না। তাঁর আমলে ওয়ার্ডে ১৬টি রাস্তা হয়েছে।



