Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জলপাইগুড়ির পর্যটনকে ঢেলে সাজাতে বৈঠক জেলাশাসকের

জলপাইগুড়ির পর্যটনকে ঢেলে সাজাতে বৈঠক জেলাশাসকের
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জেলার পর্যটনকে ঢেলে সাজাতে শুক্রবার আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন জলপাইগুড়ির জেলাশাসক শমা পারভীন। জেলায় অনেক ঐতিহ্যবাহী ধর্মীয়স্থান রয়েছে। সেগুলিকে পর্যটন মানচিত্রে অন্তর্ভুক্তির ব্যাপারে আলোচনা হয় বৈঠকে। রাজগঞ্জের শিকারপুরে দেবী চৌধুরানির মন্দিরের সৌন্দর্যায়নের কাজ চলছে। ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে যেতে তৈরি হচ্ছে সেতু। সেগুলির কাজ কোন পর্যায়ে রয়েছে, তা নিয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি নতুন করে কোথায়, কী করা যেতে পারে, সেব্যাপারে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। পর্যটনের প্রসারে বেশকিছু জায়গায় হোম স্টে তৈরির কথা। সেগুলি কী অবস্থায় আছে, এদিন তারও খোঁজখবর নেন জেলাশাসক। কোনও কাজ ফেলে রাখা যাবে না বলে আধিকারিকদের জানিয়ে দেন তিনি। জেলার প্রাচীন ঐতিহ্য সংরক্ষণে ২৩ জানুয়ারি জলপাইগুড়ি শহরে ‘হেরিটেজ ওয়াক’ হবে। জলপাইগুড়ি উৎসবের অঙ্গ হিসেবে জেলা প্রশাসন ওই হেরিটেজ ওয়াক-এর আয়োজন করছে। ময়নাগুড়ির রামসাইয়ে জঙ্গল সাফারি চালুর জন্য দীর্ঘদিন ধরে দাবি রয়েছে এলাকার বাসিন্দাদের। এদিন তা নিয়েও কথা হয় বৈঠকে।
Advertisement
সম্পর্কিত সংবাদ