Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

জলপাইগুড়ি সদর হাসপাতালে আবার বন্ধ ডায়ালিসিস, দুর্ভোগ

মেডিক্যাল কলেজের অধীন জলপাইগুড়ি সদর হাসপাতালে ফের বন্ধ ডায়ালিসিস পরিষেবা। রিভার্স ওসমোসিস (আরও) প্লান্ট বিকল হয়ে যাওয়ায় বুধবার থেকে পিপিপি মডেলে চলা ডায়ালিসিস বন্ধ করে দেওয়া হয়েছে ওই হাসপাতালে।

জলপাইগুড়ি সদর হাসপাতালে আবার বন্ধ ডায়ালিসিস, দুর্ভোগ
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মেডিক্যাল কলেজের অধীন জলপাইগুড়ি সদর হাসপাতালে ফের বন্ধ ডায়ালিসিস পরিষেবা। রিভার্স ওসমোসিস (আরও) প্লান্ট বিকল হয়ে যাওয়ায় বুধবার থেকে পিপিপি মডেলে চলা ডায়ালিসিস বন্ধ করে দেওয়া হয়েছে ওই হাসপাতালে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন কিডনির অসুখে আক্রান্ত রোগীরা। কয়েক মাস আগেও জলপাইগুড়ি সদর হাসপাতালে ডায়ালিসিস মেশিনটি খারাপ হয়ে যায়। এর জেরে বেশ কয়েকদিন পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত হন রোগীরা। বাইরে থেকে মোটা টাকা দিয়ে ডায়ালিসিস করাতে বাধ্য হয় অনেক মুমূর্ষু রোগীর পরিবার। এবারও একই অবস্থা তৈরি হয়েছে। 
Advertisement
বুধবারের পাশাপাশি বৃহস্পতিবারও বেশ কয়েকজন কিডনির সমস্যায় থাকা রোগী ডায়ালিসিসের জন্য এসেছিলেন সদর হাসপাতালে। অভিযোগ, পরিষেবা বন্ধ আছে জানিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে তাঁদের। জলপাইগুড়ি সদর হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা না পেয়ে বিপাকে পড়া রোগীদের প্রশ্ন, জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা চলে। সদর হাসপাতালে যখন মেশিন বিকল তখন এখানকার রোগীদের সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ডায়ালিসিস পরিষেবা দেওয়া হচ্ছে না কেন? এ নিয়ে মেডিক্যাল কলেজের সুপার কল্যাণ খাঁ বলেন, আরও প্লান্ট খারাপ হয়ে যাওয়ায় সদর হাসপাতালে বুধবার থেকে ডায়ালিসিস পরিষেবা বন্ধ রয়েছে। যে সংস্থার সঙ্গে ওই পরিষেবার ব্যাপারে স্বাস্থ্যদপ্তরের চুক্তি রয়েছে, তাদের বিষয়টি জানিয়েছি আমরা। দ্রুত যাতে পরিষেবা চালু করা যায় তা দেখতে বলা হয়েছে। যদি কোনও রোগীর খুব জরুরি ভিত্তিতে ডায়ালিসিস করানোর দরকার থাকে, সেক্ষেত্রে আমরা সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। নতুবা যাঁরা সদর হাসপাতালে ডায়ালিসিস করাতে আসছেন, তাঁদের কাছ থেকে আবেদনপত্র নিয়ে রাখা হচ্ছে। ডায়ালিসিস চালু হওয়া মাত্রই তাঁরা আগে সেখানে পরিষেবা পাবেন। 
রোগীদের পরিবারের অভিযোগ, জলপাইগুড়ি সদর হাসপাতালে যে ডায়ালিসিস মেশিন রয়েছে, মাঝেমধ্যেই তা বিগড়ে যায়। এর জেরে কয়েক দিন পর্যন্ত পরিষেবা না পেয়ে দুর্ভোগে পড়েন কিডনির অসুখে ভোগা রোগীরা। পুরনো মেশিন দিয়ে কাজ চালানোয় এমনটা হচ্ছে। ডায়ালিসিসের মতো জরুরি পরিষেবা নিয়ে এমন উদাসীনতার কারণ কী বোঝা যাচ্ছে না। মেডিক্যালের সুপারের অবশ্য দাবি, শীঘ্রই সদর হাসপাতালে নতুন ডায়ালিসিস মেশিন আসবে। রোগীরা সেখান থেকে উন্নততর পরিষেবা পাবেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ