Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জলপাইগুড়ি এসি কমার্স কলেজে বেতনের জট কাটল

জলপাইগুড়ি এসি কমার্স কলেজে বেতনের জট কাটল
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: আনন্দ চন্দ্র কমার্স কলেজে শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতনের জট কাটল। প্রিন্সিপাল ‘সহযোগিতা’ না করায় তাঁকে বাদ দিয়েই আপাতত কলেজের বাকিদের বেতন দেওয়ার প্রক্রিয়া শুরু করল কলেজ কর্তৃপক্ষ। কলেজ পরিচালন সমিতির সভাপতি দেবাশিস দত্তের দাবি, প্রিন্সিপাল যেহেতু ‘সাসপেনশন’-এ আছেন, তাঁর বেতন অর্ধেক হয়ে যাবে। সুতরাং আগে যত টাকা তাঁর বেতন থেকে পিএফ হিসেবে কাটা হতো, এখন তা হবে না। সেকারণে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, কত টাকা তাঁর বেতন থেকে পিএফ কাটা হবে। কিন্তু তিনি এ ব্যাপারে কিছু জানাননি। তাঁর জন্য বাকি শিক্ষক ও শিক্ষাকর্মীর বেতনও বন্ধ হয়ে গিয়েছে। কারণ সকলের বেতনের হিসেব একসঙ্গে করে তবেই ট্রেজারিতে পাঠাতে হয়। সেকারণে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলে, প্রিন্সিপাল যেহেতু কোনও সহযোগিতা করছেন না, তাঁকে বাদ দিয়েই বাকিদের বেতনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন তাঁরা একসঙ্গে পেয়ে যাবেন। 
Advertisement
এদিকে, বিষয়টি নিয়ে কলেজ পরিচালন সমিতির বিরুদ্ধে পাল্টা তোপ দেগেছেন প্রিন্সিপাল সিদ্ধার্থ সরকার। বলেন, বেতন দেয় রাজ্য সরকার, সেখানে কলেজ পরিচালন সমিতি কি আমার বেতন অর্ধেক করে দিতে পারে? কেন আমি পরিচালন সমিতির সঙ্গে বেতন, পিএফ নিয়ে কথা বলতে যাব? বিষয়টি আদালতে আছে, যা বলার আমি আদালতে বলব। রাজ্য সরকারকেও বিষয়টি জানিয়েছি। 
উল্লেখ্য, আর্থিক অনিয়মের অভিযোগ ওঠায় জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজের প্রিন্সিপালকে ‘সাসপেন্ড’ করেছে কলেজ পরিচালন সমিতি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই সাসপেনশন থাকবে বলে কলেজ পরিচালন সমিতির তরফে জানানো হয়েছে। এর আগে প্রিন্সিপালকে ‘বাধ্যতামূলক ছুটি’তে পাঠায় পরিচালন সমিতি।
সম্পর্কিত সংবাদ