সংবাদদাতা, বহরমপুর: নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা টোটোয় ধাক্কা মারায় মৃত্যু হল বাইকআরোহী এক যুবকের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন মৃতের বন্ধু। বুধবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কের উপর কালীতলায়। শুক্রবার সকালে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় সানারুল শেখের(১৮)। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আলাউল শেখ। দুজনের বাড়ি জলঙ্গি থানার চাঁদেরপাড়ায়। দু’টি গাড়ি আটক করা হয়েছে বলে জলঙ্গি থানার পুলিস জানিয়েছে। বুধবার দুপুরে বাইকে দুই বন্ধু সাদিখাঁরদেয়ার এসেছিলেন। বিকেল সাড়ে ৪টে নাগাদ একই বাইকে দুজনে বাড়ি ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকটি দ্রুত গতি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা টোটোয় সজোরে ধাক্কা মারেন। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে দু’জনকে সাদিখাঁরদেয়ার ব্লক হাসপাতালে ভর্তি করেন। পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।



