Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জলঙ্গিতে পাতা চায়না জাল বিপন্ন ছোট মাছ ও জলজ প্রাণী

জলঙ্গিতে পাতা চায়না জাল বিপন্ন ছোট মাছ ও জলজ প্রাণী
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট: জলঙ্গি নদীজুড়ে পাতা রয়েছে চায়না জাল। যাতে বড় মাছ সহ চারা মাছও উঠে আসে। ফলে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়। এই জালে মাছ ধরা আইনত নিষিদ্ধ। তবুও অতিরিক্ত মুনাফার জন্য এই জাল ব্যবহার করা হচ্ছে। এই জালের বিরুদ্ধে ইতিমধ্যেই তেহট্ট এলাকায় অভিযান চালিয়েছে ব্লক প্রশাসন, মৎস্য দপ্তর ও পুলিস। জল থেকে ওঠানো হয় একের পর এক চায়না জাল। প্রশাসনের এই পদক্ষেপে খুশি পরিবেশ কর্মীরা। তাঁদের দাবি এই অভিযান নিয়মিত চললে ছোট মাছ ও জলজ প্রাণী বাঁচবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৎস্যজীবীরা মাছ ধরতে নানা ধরনের জাল ব্যবহার করেন। তবে সেই জালের মধ্যে অবৈধ হল চায়না জাল। মৎস্যজীবীরা বলেন, এই জালে ছিদ্র এতই কম যে ছোট মাছ থেকে শুরু করে জলজ প্রাণীও  ধরা পড়ে। এরা বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে। এই জালে এগুলি ধরা পড়ে মারা যায়। ফলে ভারসাম্য নষ্ট হচ্ছে। তাছাড়া একেবারে ছোট মাছ বিক্রিযোগ্যও না। জাল তুলে নিয়ে যাওয়ার পর সেই মাছ ফেলেই দিতেই হয়। ফলে নদীতে মাছের সংখ্যা দিন দিন কমছে। বড় হতে না পারায় বাজারে নদীর মাছের অভাব দেখা দিচ্ছে। রুই, কাতলা, মাগুর, বোয়ালের মতো বড় মাছের বাচ্চা জালে আটকে যাচ্ছে। তাদের অভিযোগ, নদীতে প্রতিদিনই মাছ ধরা হয়। যে যেমন মাছ পাক, তা বাজারে যাচ্ছে। ফলে চায়না জালের ব্যবহার যেমনভাবে বাড়ছে তাতে নদীর মাছ কমে যাচ্ছে। স্থানীয় বাসিন্দা প্রলয়কুমার ভট্টাচার্য বলেন, প্রশাসনের ভালো উদ্যোগ। তবে একদিন করলে হবে না। পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য এই অভিযান প্রতিনিয়ত চালানো হোক। তাতে নদী যেমন ভালো থাকবে তেমনই মাছেভাতে বাঙালির পাতে নদীর মাছও পড়বে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ